বাগেরহাট, মার্চ ০২ (বিডিনিউজ ২৪ ডটকম) - অর্থ আত্মসাত মামলায় খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) প্রধান প্রকৌশলী মো. লিয়াকত আলী শরীফ ও প্রকল্প সহকারী এসএম হাফিজুর রহমানের বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে দুর্নীতি দমন কমিশন-দুদক।
দুদকের খুলনা সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আমিনুর রহমান সোমবার বিকালে খুলনা মূখ্য মহানগর হাকিম আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
অভিযোগপত্রে তাদের বিরুদ্ধে মিউনিসিপ্যাল সার্ভিসেস প্রকল্পের ঠিকাদারদের জামানতের প্রায় ২৮ লাখ টাকা আত্মসাত ছাড়াও আরও প্রায় ১৭ লাখ টাকা আত্মসাতের চেষ্টার কথা উল্লেখ করা হয়েছে।
অভিযুক্ত লিয়াকত আলী শরীফ বর্তমানে কারাগারে এবং এসএম হাফিজুর রহমান উচ্চ আদালত থেকে জামিনে আছেন।
গত বছর ৭ আগস্ট খুলনা থানায় কেসিসির এ দুই কর্মকর্তাকে আসামি করে মামলাটি করা হয়।
সোমবার সন্ধ্যায় অভিযোগপত্রের উদ্ধৃতি দিয়ে মামলার তদন্ত কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক আমিনুর রহমান ফোনে বিডিনিউজ ২৪ ডটকমকে বলেন, আসামিরা ২০০৩ সালের ২৬ জুলাই থেকে ২০০৬ সালের ১৯ নভেম্বর পর্যন্ত বিভিন্ন সময়ে মিউনিসিপ্যাল সার্ভিসেস প্রকল্পের আওতায় কর্মরত ঠিকাদারদের জামানতের ৪৪ লাখ ৫৬ হাজার ১৬৪ টাকা ৩৯ পয়সা ৩৮টি চেকের মাধ্যমে উত্তোলন করেন।
তদন্তে দেখা গেছে, আসামিরা খুলনা শহরের স্যার ইকবাল রোডের বাংলাদেশ কৃষি ব্যাংকের শাখা থেকে এসব টাকা তুলে প্রাইম ব্যাংক এবং আইসিবি ইসলামী ব্যাংক খুলনা শাখায় নিজেদের হিসাবে জমা করেন।
পরবর্তী সময় তারা দশটি জমা রশিদের মাধ্যমে ১৬ লাখ ৮৬ হাজার ২৫০ টাকা কৃষি ব্যাংকে ফেরত দিলেও বাকি টাকা ফেরত দেননি।
বিডিনিউজ ২৪ ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯৫০ ঘ.
bdnews24