কুমিল্লা, মার্চ ০২ (বিডিনিউজ ২৪ ডটকম) - কুমিল্লার দাউদকান্দি উপজেলার জিংলাতলী নামক স্থানে সোমবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাস ও মাইক্রোবাসের সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে নয় জন। (আরও তথ্যসহ)
নিহতরা হলেন- মাইক্রোবাসের চালক সোহেল (২৬), যাত্রী কাজী সিরাজুল ইসলাম (৬২) ও তার মেয়ে জেসমিন আক্তার (৪০) এবং ফাহিমা (২)। এদের মধ্যে সিরাজুল ও জেসমিন আক্তারের বাড়ি কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার দক্ষিণ চান্দলা গ্রামে। ফাহিমা একই উপজেলার ষাইটশালা গ্রামের কাজী ইউছুফের মেয়ে।
আহতদের নয়জনকে ঢাকায় পাঠানো হয়েছে। এরা সবাই মাইক্রোবাসের যাত্রী।
দাউদকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, সকাল ৯টার দিকে জিংলাতলী নামক স্থানে ঢাকা থেকে হাজীগঞ্জগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে কুমিল্লা থেকে ঢাকা মুখী একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই সিরাজুল ইসলাম ও তার মেয়ে জেসমিন মারা যান। ঢাকায় নেওয়ার পথে মারা যান চালক এবং ফাহিমা।
ওসি জানান, পুলিশ বাসটি আটক করেছে। এ ব্যাপারে মামলা হয়েছে।
বিডিনিউজ ২৪ ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯২৯ ঘ.
bdnews24