চট্টগ্রাম, মার্চ ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দশ ট্রাক অস্ত্র মামলায় গ্রেপ্তার সিইউএফএল এর দুই সাবেক কর্মকর্তার তিনদিনের জিজ্ঞাসাবাদ শনিবার শেষ হয়েছে।
তবে তাদের কাছ থেকে প্রাপ্ত তথ্যে মামলার তদন্ত কর্মকর্তা (আইও) সন্তুষ্ট নন বলে জানিয়েছেন। তিনি বলেন, তাদের আদালতে তোলা হবে রোববার।
চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল)-এর সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহসিন তালুকদার ও মহাব্যবস্থাপক (প্রশাসন) এনামুল হককে গত বৃহস্পতিবার জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নেয় সিআইডি।
দু'জনকে আবারো জিজ্ঞাসাবাদ করা হবে কি না, এমন প্রশ্নের জবাবে মামলার তদন্ত কর্মকর্তা (আইও) সিআইডির সিনিয়র সহকারী পুলিশ সুপারিনটেনডেন্ট (এএসপি) মনিরুজ্জামান চৌধুরী শনিবার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রোববার সকালে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
জিজ্ঞাসাবাদে দুই সাবেক কর্মকর্তার কাছ থেকে অস্ত্র খালাস সম্পর্কে নতুন কোন পাওয়া গেছে কি না জানতে চাইলে তিনি প্রশ্নটি এড়িয়ে যান।
উল্লেখ্য, দশ ট্রাক অস্ত্র খালাসের ব্যাপারে গত ৯ মার্চ সিইউএফএল এর সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহসিন তালুকদার, জিএম (প্রশাসন) এনামুল হকসহ সাবেক পাঁচ কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়। চারদিন জিজ্ঞাসাবাদ শেষে মোহসিন তালুকদার ও এনামুল হককে সিআইডি গ্রেপ্তার দেখায়।
কর্ণফুলী নদীর তীরে সিইউএফএল-এর ঘাটে ২০০৪ সালের ১ এপ্রিল মধ্যরাতে ট্রলার থেকে খালাস করার সময় পুলিশ দশ ট্রাক অস্ত্র আটক করে।
এ ব্যাপারে সেদিন রাতে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আহাদুর রহমান বাদি হয়ে দুটি পৃথক মামলা দায়ের করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/টিআর/২১৩৮ ঘ.
bdnews24