ঢাকা, মার্চ ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- "আমিও তিন মাস স্পিকার ছিলাম। আমি যে তিন মাস ১৮ দিন ম্পিকারগিরি করেছি, আমারও তদন্ত হোক। আমার কোনো দুর্নীতি থাকলে তদন্ত হবে। দুর্নীতি প্রমানিত হলে, শাস্তি হলে তা মাথা পেতে নেবো।"
জাতীয় সংসদে বুধবারের অধিবেশনে পয়েন্ট অফ অর্ডারে অনির্ধারিত বিতর্ক শেষে বক্তব্য দিতে গিয়ে স্পিকার আব্দুল হামিদ এসব কথা বলেন।
আব্দুল হামিদ সংসদকে জানান, তিনি স্পিকারের দায়িত্ব নেওয়ার পর বিভিন্ন রকম অসুবিধার সম্মুখীন হচ্ছেন।
স্বাধীনতার পর থেকে সব স্পিকারের অর্থনৈতিক কার্যক্রম অডিটের কথা বলেন তিনি।
স্পিকার বলেন, "জমিরউদ্দিন সরকার আমার পূর্বসূরিও ছিলো, আবার উনি আমার উত্তরসূরিও। সংসদকে কলুষমুক্ত করতে হবে। না হলে জনগণ হতাশার মধ্যে পড়বে। এটা নিয়ে রাজনীতি না করে এর স্বচ্ছতা নিশ্চিত করতে হবে।"
পয়েন্ট অফ অর্ডারে এই বিতর্কের সূত্রপাত করেন আওয়ামী লীগের সাংসদ শাজাহান খান।
সাবেক স্পিকার জমিরউদ্দিন সরকারের কর্মকান্ড তদন্তে স্পিকার আব্দুল হামিদ গত সোমবার জাতীয় সংসদে ঘোষণা দেওয়ার পর মঙ্গলবার জমিরউদ্দিন সরকার এক সংবাদ সম্মেলনে আব্দুল হামিদ সপ্তম জাতীয় সংসদের স্পিকার থাকাকালীন সময়েরও তদন্ত দাবি করেন। শাজাহান খান তার বক্তব্যে এই বিষয়টি উত্থাপন করেন।
শাজাহান খানের বক্তব্যের জবাব দিতে গিয়ে বিরোধীদলীয় চিফ হুইপ জয়নাল আবদীন ফারুক দাবি করেন, উপনির্বাচনে জমিরউদ্দিন সরকারকে বগুড়া থেকে মনোনয়ন দেওয়ার পর থেকে সাবেক এই স্পিকারের জনপ্রিয়তা ও ভাবমূর্তি ক্ষুন্ন করার জন্যই এই অভিযোগ করা হচ্ছে।
বিরোধীদলীয় চিফ হুইপের বক্তব্যের জবাব দিতে গিয়ে দাঁড়ান সরকার দলীয় চিফ হুইপ আব্দুস শহীদ।
তিনি বলেন, "জমিরউদ্দিন সরকারের জনপ্রিয়তা থাকলে তিনি পঞ্চগড় থেকে হারলেন কেন ?"
এরপর, স্পিকার পয়েন্ট অফ অর্ডারে এই অনির্ধারিত বিতর্কের ইতি টানতে চাইলেও তা পরেননি। এসময় আওয়ামী লীগের সাংসদ মহিউদ্দিন খান আলমগীর দাঁড়িয়ে যান। তত্ত্বাবধায়ক সরকারের সময়ে সংসদ ভবন এলাকায় বিশেষ আদালত স্থাপন করতে দেওয়ায় তৎকালীন স্পিকার জমিরউদ্দিন সরকারের সমালোচনা করে তিনি বলেন, "আমি শুনেছি এখনো এই আদালত সংসদ ভবনে আছে। কোন আইনে তিনি এই ক্যাঙ্গারু আদালতকে জাতীয় সংসদে স্থান দিয়েছিলেন।"
মহিউদ্দিন আলমগীর যখন বক্তব্য রাখছিলেন তখন অধিবেশন কক্ষে প্রবেশ করেন বিএনপি'র সাংসদ সালাউদ্দিন কাদের চৌধুরী।
মহিউদ্দিন খান আলমগীরের বক্তব্য শেষ হতেই দাঁড়ান তিনি।
সালাউদ্দিন কাদের চৌধুরীকে উদ্দেশ করে ম্পিকার আব্দুল হামিদ বলেন, আপনি তো ছিলেন না। আপনি কেনো আসলেন। আপনি দাড়ালে তো আবার ঐ দিক (সরকারী দল) থেকে দাঁড়াবে।
সালাউদ্দিন কাদের চৌধুরী বলেন, "এই সংসদের ক্যাফেটেরিয়া থেকে কার কার বাসায় চাল গেছে। কার বাড়িতে সংসদের আসবাব গেছে আর ফিরে আসেনি। এসব নিয়ে আলোচনা করা উচিত নয়।"
সবশেষে আওয়ামী লীগের সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, "অভিযোগ নিয়ে দলবাজি করার কোনো উপায় নেই।"
তিনি বলেন, "আমরা তো বলিনি ইরাদ তার দলীয় প্রধানের বিরুদ্ধে পাঁচ কোটি টাকা ঘুষের অভিযোগ তুলেছেন। আমরা তো বলিনি, এই অভিযোগে তানভির আহমেদ সিদ্দিকীর প্রাথমিক সদস্য পদ গেছে। আপনারা কথা বলার আগে নিজেদের অতীতটা দেখবেন।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএ/কেআরসি/এইচএ/২১৪০ঘ.
bdnews24