২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গঙ্গা ব্যারেজের প্রস্তাব মন্ত্রিপরিষদ কমিটিতে

পদ্মার পানির সুষ্ঠু ব্যবস্থাপনার লক্ষ্যে গঙ্গা ব্যারেজ প্রকল্পের প্রস্তাব চূড়ান্ত করে 'সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিপরিষদ কমিটিতে পাঠানো হয়েছে। অনুমোদন পাওয়া গেলে দুই বছরের মধ্যে ব্যারেজ নির্মাণের দরপত্র আহ্বান করা সম্ভব হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Mar 2009, 03:31 PM

Updated : 26 Aug 2022, 11:11 AM

ঢাকা, মার্চ ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পদ্মার পানির সুষ্ঠু ব্যবস্থাপনার লক্ষ্যে গঙ্গা ব্যারেজ প্রকল্পের প্রস্তাব চূড়ান্ত করে 'সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিপরিষদ কমিটিতে পাঠানো হয়েছে। অনুমোদন পাওয়া গেলে দুই বছরের মধ্যে ব্যারেজ নির্মাণের দরপত্র আহ্বান করা সম্ভব হবে। পানি সম্পদ মন্ত্রী রমেশ চন্দ্র সেন মঙ্গলবার তার কার্যালয়ে সাংবাদিকদের একথা জানান। মন্ত্রী এসময় বলেন, গত কয়েকদিনে পদ্মার ফারাক্কা পয়েন্টে যে পরিমাণ পানি পাওয়া গেছে তাতে সন্তুষ্ট নয় সরকার। তিনি জানান, গত ১৫ দিন আগেও ৫৬ হাজার কিউসেক পানি পাওয়া গেলেও সেখানে সোমবার (১৬ মার্চ) পানি পাওয়া যায় মাত্র ৪২ হাজার কিউসেক। রমেশ চন্দ্র সেন বলেন, মন্ত্রিপরিষদ কমিটির অনুমোদন পাওয়া গেলেই প্রকল্পের সম্ভাব্যতা যাচাইয়ের কাজ শুরু হবে। পদ্মার পানির সুষ্ঠু ব্যবস্থাপনা ও ব্যবহার নিশ্চিত করতে দীর্ঘদিন ধরেই গঙ্গা ব্যারেজ নির্মাণের বিষয়ে আলোচনা হলেও এ নিয়ে বাস্তব অগ্রগতি বিশেষ কিছুই হয়নি। বিশেষজ্ঞদের অনেকে বলেন ফারাক্কা বাঁধের বিরূপ প্রভাব মোকাবেলার জন্য এ ব্যারেজ তৈরি করা প্রয়োজন। গঙ্গা ব্যারেজের প্রয়োজনীয়তা প্রসঙ্গে পানি সম্পদ মন্ত্রী সাংবাদিকদের বলেন, "পানি অধিকার আমাদের সবার। জলবায়ু পরিবর্তন রোধে পানি একটি অপরিহার্য বিষয়। তাই আমরা যেটুকু পানি পাই তার যথাযথ ব্যবহার ও ব্যবস্থাপনা নিশ্চিত করতে এ ব্যারেজের প্রয়োজন রয়েছে।" পানি সম্পদ মন্ত্রী জানান, ১৯ ও ২০ মার্চ তুরস্কের ইস্তাম্বুলে বিশ্ব পানি ফোরামের সভার পাশাপাশি সেখানে ভারতের পানি সম্পদ মন্ত্রীর সঙ্গে তার দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট এবং পানি বন্টনের বিষয়ে আলোচনা হবে। ভারতের নির্বাচনের পরই যৌথ নদী কমিশনের বৈঠকের দিনক্ষণ চূড়ান্ত এবং বৈঠক অনুষ্ঠিত হবে বলে তিনি উল্লেখ করেন। নদী ব্যবস্থাপনার সর্বশেষ অবস্থা এবং সরকারের পদক্ষেপ সম্পর্কে জানতে চাইলে মন্ত্রী বলেন, সরকারের আড়াই মাসের মধ্যে মোট ৭০টি নদীতে ব্লক নির্মাণ করে বাঁধ দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। এছাড়া সিডর এলাকার নদীগুলোর বাঁধ নির্মাণ এবং রক্ষার জন্য ২৫ হাজার মেট্রিক টন গম বরাদ্দ করা হয়েছে। সেগুলোর কাজও ইতোমধ্যে ৯০ শতাংশ শেষ হয়েছে। ইস্তাম্বুলে ভারতের পানি সম্পদ মন্ত্রীর সঙ্গে সীমান্তের নদী ভাঙা জমি উদ্ধার, টিপাইমুখ বাঁধের কাছে ভারতের আন্তঃনদী সংযোগ প্রকল্প স্থাপন এবং অভিন্ন নদীর পানি বন্টনের বিষয়ে আলোচনা করবেন কিনা, এ প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, "এসব বিষয় নিয়ে যৌথ নদী কমিশনের (জেআরসি) বৈঠকে আলোচনা করা হবে। সেখানেই এসব বিষয় নিষ্পত্তি করা হবে।" সুরমা, কুশিয়ারা ও তিস্তার মতো নদীতে পানির প্রবাহ কমার কারণ হিসেবে মন্ত্রী কম বৃষ্টিপাত ও পলি পড়ে নদী ভরাট হওয়ার কথা বলেন। তিনি বলেন, "পানি কম আসছে এটা ঠিক, তবে এটাও মনে রাখতে হবে গত সাত মাস ধরে এ এলাকায় কোন বৃষ্টি হয়নি। এছাড়াও নদীগুলো পলি পড়ার কারণে পানি ধারণক্ষমতা হারিয়েছে।" মঙ্গলবারই কুশিয়ারা ও সুরমা নদীতে খননের জন্য ড্রেজার পাঠানো হয়েছে বলে জানান রমেশ চন্দ্র সেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এসকে/২১২৮ঘ.