চাঁদপুর, মার্চ ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চাঁদপুরের মেঘনা নদী থেকে সোমবার রাতে কারেন্ট জাল ও জাটকাসহ চার জেলেকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।
এছাড়া দু'টি যাত্রীবাহী লঞ্চ থেকে উদ্ধার করা হয় একশ' মণ জাটকা ও ইলিশসহ বিভিন্ন ধরনের মাছ। লঞ্চ দুটিকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার রাত দেড়টার দিকে চাঁদপুর নৌ-পুলিশ ফাঁড়ির একটি দল সদর উপজেলার কাচিকাটা চর এলকায় মেঘনা নদীতে অভিযান চালিয়ে আটক করে চার জেলেকে।
এরা হলেন- সদর উপজেলার রাজরাজেশ্বর এলাকার সেলিম বেপারী (৩৫), একই এলাকার শফিক বেপারী (৩০), ইদ্রিস আলী চোকদার (৩২) ও মো. সোলেমান মৃধা (২৮)।
এদের বিরুদ্ধে চাঁদপুর সদর মডেল থানায় মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ এর (১) ধারায় একটি মামলা হয়েছে বলে সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মনির হোসেন জানান।
তিনি জানান, কারেন্ট জাল দিয়ে জাটকা (ইলিশের পোনা) ধরার সময় চার জেলেকে আটক করা হয়। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় প্রায় এক হাজার মিটার কারেন্ট জাল এবং ৪০ কিলোগ্রাম (কেজি) জাটকা।
উদ্ধার করা জাটকা ধ্বংস করা হয়েছে। কারেন্ট জাল বর্তমানে মডেল থানা পুলিশের হেফাজতে রয়েছে বলে এএসআই মনির জানান।
অপর দিকে রাত ৯টা থেকে ৩টার পর্যন্ত ম্যাজিস্ট্রেট শামীমুল হক পাভেলের নেতৃত্বে জেলা জাটকা নিধন বিরোধ টাস্কফোর্স চাঁদপুরের বড়স্টেশন এলাকায় দু'টি যাত্রীবাহী লঞ্চে অভিযান চালায়।
ম্যাজিস্ট্রেট শামীম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শরীয়তপুর থেকে ঢাকাগামী এমভি স্বর্ণদ্বীপ-৮ নামের লঞ্চ থেকে ১০ ঝুড়ি এবং প্রিন্স অব বরিশাল নামের আরেকটি লঞ্চ থেকে ২৩ ঝুড়ি জাটকা ও ইলিশসহ বিভিন্ন ধরনের মাছ আটক করা হয়। ঝুড়িগুলিতে প্রায় একশ' মণ মাছ ছিল।
জাটকা ও ইলিশসহ অন্যান্য মাছ লঞ্চের ডেকে পরিবহন করায় লঞ্চ দুটিকে ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। মাছগুলো নিলামে বিক্রি করা হবে বলে ম্যাজিস্ট্রেট জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৭২০ ঘ.
bdnews24