২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জিয়ার ভূমিকা নিয়ে সংসদ উত্তপ্ত, বিএনপির ওয়াকআউট

মুক্তিযুদ্ধ ও পরবর্তীকালে সেনাশাসক থাকার সময় বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ভূমিকা নিয়ে জাতীয় সংসদে তীব্র বাকযুদ্ধ হয়েছে সোমবার রাতে। 'জিয়াউর রহমান বেঁচে থাকলে স্বাধীনতা বিরোধীদের পুনর্বাসনের অপরাধে তার বিচার হতো' -- আওয়ামী লীগের সাংসদ তোফায়েল আহমেদের এই বক্তব্যের প্রতিবাদে এক পর্যায়ে সংসদ থেকে ওয়াক-আউট করে বিএনপি। (আরো তথ্যসহ ৩)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Mar 2009, 04:11 PM

Updated : 26 Aug 2022, 11:11 AM

ঢাকা, মার্চ ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- মুক্তিযুদ্ধ ও পরবর্তীকালে সেনাশাসক থাকার সময় বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ভূমিকা নিয়ে জাতীয় সংসদে তীব্র বাকযুদ্ধ হয়েছে সোমবার রাতে। 'জিয়াউর রহমান বেঁচে থাকলে স্বাধীনতা বিরোধীদের পুনর্বাসনের অপরাধে তার বিচার হতো' -- আওয়ামী লীগের সাংসদ তোফায়েল আহমেদের এই বক্তব্যের প্রতিবাদে এক পর্যায়ে সংসদ থেকে ওয়াক-আউট করে বিএনপি। এম কে আনোয়ারের নেতৃত্বে রাত পৌনে আটটায় ওয়াক আউটের পর বিএনপি সাংসদরা আধঘন্টা পর অধিবেশনে ফিরে আসেন। তোফায়েলের বক্তব্য সংসদের কার্যবিবরণী থেকে বাদ (এক্সপাঞ্জ) দেওয়ারও দাবি করে বিএনপি। জাতীয় সংসদের সোমবারের অধিবেশনে মাগরিবের নামাজের বিরতির পর পয়েন্ট অব অর্ডারে এক অনির্ধারিত বিতর্ক হয়। 'স্বাধীনতার ঘোষক' ইসু এবং সাবেক স্পিকার জমিরউদ্দিন সরকারের সময় বিভিন্ন ঘটনার তদন্তের দাবি নিয়ে এই বিতর্ক চলে এক ঘন্টার বেশি সময় ধরে। আওয়ামী লীগের সাংসদ মোশাররফ হোসেনের বক্তব্য থেকে স্বাধীনতার ঘোষক নিয়ে বিতর্কের শুরু হয়। এসময় মোশাররফ হোসেন বলেন, "চট্টগ্রাম বিমানবন্দর থেকে কোনো ম্যুরাল সরানো হয়নি। শুধু ম্যুরালকে পূর্বের অবস্থায় ফিরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। তারা (চারদলীয় জোট সরকার) শুধু ম্যুরালকেই বিকৃত করেনি। স্বাধীনতার ইতিহাসকে সব সময় ধরে বিকৃত করেছে।" তিনি বলেন, "জিয়াউর রহমান তার জীবদ্দশায় কখনোই বলেননি ২৬ মার্চ তিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। এটা কেউ প্রমাণ করতে পারলে আমি রাজনীতি থেকে ইস্তফা দেবো।" এরপর বিএনপি'র তরুণ সাংসদ শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে 'বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা' আখ্যায়িত করে বলেন, "সংসদে কথা বলতে হলে দায়িত্বশীলতা নিয়ে বক্তব্য দিতে হবে। এদেশের মানুষের মন থেকে জিয়াউর রহমানের অবদান কখনোই মোছা যাবে না।" অ্যানির বক্তব্যের সময় আওয়ামী লীগের প্রতিবাদে সাংসদরা হৈ চৈ করতে থাকেন। এরপর, পয়েন্ট অব অর্ডারে দাড়িয়ে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) মাইনুদ্দিন খান বাদল বলেন, "তারুণ্যের উন্মাদনা ভালো। কিন্তু, অতিরিক্ত উন্মাদনা ভালো নয়। যারা বক্তব্য রাখেন তারা ভুলে যান যে জিয়াউর রহমানের সাথে আমরা যুদ্ধ করেছি। তাকে ২৬ তারিখে (২৬ মার্চ ১৯৭১) আমি বোয়ালখালিতে রিসিভ করেছি।" মাইনুদ্দিন খান বাদল বলেন, (সাবেক বিএনপি নেতা) অলি আহমদ এবং মীর শওকত আলী এ বিষয়ে বলতে পারবেন। তিনি আরো বলেন, "তখন চট্টগ্রাম রেডিও ছিলো ১০ কিলোওয়াটের, ফেনীতেও তা শোনা যেতো না। খালেদ মোশাররফ ও শফিউল্লাহসহ পুরো বাংলাদেশ কার কথায় গর্জে উঠেছিলো। বঙ্গবন্ধুকে অশ্রদ্ধা করার জন্যই জাতির আজ এই অধঃপতন।" এর জবাবে বিএনপি'র সাংসদ আবুল খায়ের ভুইয়া বলেন, "আমরা নিজেদের ভুলের জন্য দু'বছর নির্যাতিত হয়েছি। এখনো আমাদের শিক্ষা হয়নি। জাতির জন্য যার যা অবদান তা স্বীকার করতে হবে। জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্র দিয়েছেন, তিনিই স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন।" এসময় আওয়ামী লীগের সাংসদরা আবার হৈ চৈ শুরু করেন। এর মধ্যেই আবুল খায়ের ভুইয়া জিয়াউর রহমানকে নিয়ে আওয়ামী লীগের সাংসদদের দেওয়া বক্তব্য এক্সপাঞ্জের দাবি জানান। এর পর বর্ষীয়ান নেতা মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক তোফায়েল আহমদ দাঁড়ালে তাকে বক্তব্য রাখার সুযোগ দেন স্পিকার আব্দুল হামিদ। তোফায়েল বলেন, "যখন কেউ বলেন জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন তার থেকে অপমানজনক কথা কিছুই হতে পারে না।" তোফায়েল আহমদ আরো বলেন, "দেশ স্বাধীন হওয়ার পর জিয়াউর রহমান সেনা বাহিনীর উপ প্রধান ছিলেন। তখন তো তিনি বলেননি যে উনি স্বাধীনতা ঘোষণা দিয়েছিলেন। আমরা তো জিয়াউর রহমানের আগে হান্নান সাহেবের কণ্ঠ শুনেছিলাম।" তোফায়েল আহমদ বলেন, " বাকশাল গঠনের পর উনি (জিয়া) আমার সাথে দেখা করে বলেছিলেন- আমি কী বাকশালের সদস্য হতে পারি না।" তোফায়েল বলেন, "সেনাবাহিনীর একজন মেজরের ঘোষণায় দেশ স্বাধীন হয়নি। .. দেশের এই অবস্থার জন্য তিনি দায়ী। তিনি জাতিকে দ্বিধাবিভক্ত করেছেন।" জিয়া রাজনীতিকে কলুষিত করেছেন মন্তব্য করে তোফায়েল আরো বলেন,"তিনি বেঁচে থাকলে যুদ্ধাপরাধীদের পুনর্বাসনের অপরাধে তার বিচার হতো।" তোফায়েল আহমদের বক্তব্যের পর বিএনপি'র সাংসদরা উত্তেজিত হয়ে ওঠেন। তারা দাঁড়িয়ে তার বক্তব্যের প্রতিবাদ করেন। এসময়, সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এবং আওয়ামী লীগের সাংসদ সুরঞ্জিত সেনগুপ্ত দাঁড়ালেও স্পিকার বিএনপি'র সাংসদ এম কে আনোয়ারকে মাইক দেন। এম কে আনোয়ার বলেন, "সেসময় (২৬ মার্চ) অনেকেই পাকিস্তাানিদের ভয়ে দেশের বাইরে চলে গিয়েছিলেন। তিনি (জিয়াউর রহমান) সেসময় ঘোষণা না দিলে মুক্তিযুদ্ধ শুরু হতে কতো দেরি হতো তাও দেখার বিষয়। জনগণ তখন বিভ্রান্তির মধ্যে ছিলেন।" তিনি বলেন, "যারা গণতন্ত্রকে হত্যা করেছিলো তাদের বিচার হওয়া উচিত।" এরপরই জিয়াউর রহমানের বিরুদ্ধে দেওয়া বিভিন্ন বক্তব্যের প্রতিবাদে এবং তা এক্সপাঞ্জের দাবিতে এম কে আনোয়ারের নেতৃত্বে ওয়াক আউট করে বিএনপি। এরপর সুরঞ্জিত সেনগুপ্ত পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে বলেন, "বিকৃত ইতিহাস সুষ্ঠু রাজনীতি সৃষ্টি করে না। আমি বিএনপি'র সদস্যদের বলবো, '৭৬ এ জিয়াউর রহমান প্রধান সামরিক আইন প্রশাসক থাকার সময় বিচিত্রায় যা লিখেছিলেন তা পড়তে।" সাপ্তাহিক বিচিত্রায় প্রকাশিত লেখায় তখন জিয়া বঙ্গবন্ধুর প্রশংসা ও তার প্রতি আনুগত্য প্রকাশ করেছিলেন। সুরঞ্জিত আরো বলেন, "এই ভ্রষ্ট রাজনীতির জন্যই জিয়াউর রহমানের দু'ছেলেকে দেশত্যাগ করতে হয়েছে।" সবশেষে সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী জিয়ার কঠোর সমালোচনা করে বলেন, "তিনি (জিয়াউর রহমান) যুদ্ধ করেছিলেন কিনা তা নিয়ে সন্দেহ আছে। তাকে মেজর থেকে মেজর জেনারেল করায় এই অবস্থা হয়েছিল। " জিয়ার বিরুদ্ধে বেশ কয়েকটি ব্যর্থ অভ্যুত্থানের পরিণামের প্রতি ইঙ্গিত করে সাজেদা চৌধুুরী বলেন," তিনি ২০০০ সেনা বাহিনীর সদস্যকে হত্যা করেছেন। প্রতিদিন ১০ জন করে ঝুলিয়েছেন।" জিয়াউর রহমানের ক্ষমতায় এসে নাগরিকত্ব বাতিল হওয়া 'রাজাকার গোলাম আজমকে' দেশে আনার কথা উল্লেখ করে সাজেদা বলেন, "ওনার স্ত্রী তাকে নাগরিকত্ব দিলেন।" স্পিকার পয়েন্ট অব অর্ডারে দেওয়া সাংসদদের বক্তব্যে কোনো অসংসদীয় ভাষা ও কটুক্তি থাকলে তা এক্সপাঞ্জ করার আশ্বাস দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/কেআরসি/এসকে/২৩০২ঘ.