ঢাকা, মার্চ ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিভিন্ন সংগঠন নানা কর্মসূচির মধ্যে দিয়ে মঙ্গলবার বঙ্গবন্ধুর ৯০তম জন্মদিন পালন করবে। (সংশোধনীসহ)
আওয়ামী লীগ সরকার এ দিনটিকে জাতীয় শিশু দিবস হিসেবেও পালনের উদ্যোগ নিয়েছে।
এ দিবসটি উপলক্ষে মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করবেন। ওসমানী স্মৃতি মিলনায়তনে এক অনুষ্ঠানে দিবসটির উদ্বোধন ঘোষণা করবেন তিনি।
বিকালে গণভবনে বাংলাদেশ শিশু একাডেমীর আয়োজনে হবে শিশু সমাবেশ। এখানে বঙ্গবন্ধুর জীবন ও আদর্শের ওপর আলোচনা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান হবে।
জাতীয় শিশু দিবস উপলক্ষে ইউনিসেফ ও বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) প্রচারিত শিশুদের মাসিক অনুষ্ঠান 'আমাদের কথা'য় শিশুদের সাক্ষাৎকার দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার রাত সাড়ে ৮টায় এই অনুষ্ঠানটি প্রচারিত হবে।
এছাড়া দেশের সব জেলা সদরে শিশু-কিশোরদের চিত্রাংকন, রচনা, আবৃত্তি, উপস্থিত বক্তৃতা ও অন্যান্য প্রতিযোগিতা আয়োজিত হবে।
আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনগুলোও সারা দেশব্যাপী কর্মসূচি নিয়েছে। এর মধ্যে থাকবে ১৭ মার্চ কর্মসূচীর প্রথম দিনে আওয়ামী লীগ দেশব্যাপী দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ নিবেদন, দুপুরে টুঙ্গীপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে কেন্দ্রীয় প্রতিনিধি দলের শ্রদ্ধার্ঘ অর্পণ এবং মিলাদ ও দোয়া মাহফিল, বিকেলে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র মিলনায়তনে আলোচনা সভা।
মঙ্গলবার সকাল ৮টা থেকে চারুকলা ইনস্টিটিউটে শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করেছে জয় বাংলা সাংস্কৃতিক ঐক্যজোট।
সোমবার ধানমণ্ডির বঙ্গবন্ধু ভবনে প্রদীপ প্রজ্জ্বলনের কর্মসূচী পালন করে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/এসকে/২১০৫ঘ.
bdnews24