জয়পুরহাট, মার্চ ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জয়পুরহাটে আরও একজন বিডিআর সদস্য আত্মহত্যা করেছেন বলে খবর পাওয়া গেছে।
সোমবার দুপুরে জয়পুরহাট ৩ রাইফেলস ব্যাটালিয়নের ল্যান্স নায়েক এএইচএম ওয়াহিদুজ্জামান (৩৬) ফাঁসিতে আত্মহত্যা করেন বলে পুলিশ জানিয়েছে। ওয়াহিদুজ্জামান ঝালকাটি জেলার সদর উপজেলার গগন গ্রামের এবিএম ওয়াজেদ আলীর ছেলে।
এর আগে ৯ মার্চ রাজধানীর বিডিআর সদরদপ্তরে একজন নায়েক সুবেদার আত্মহত্যা করেছিলেন।
জয়পুরহাট সদর থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল উদ্দীন জানান, সিগন্যালের ল্যান্স নায়েক ওয়াহিদুজ্জামান সৈনিক লাইনের ৩য় তলার বাথরুমে পানির পাইপে রশি বেধে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন।
পুলিশ লাশ উদ্ধার করে জয়পুরহাট সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
আত্মহত্যা সম্পর্কে আর কিছু জানাতে পারেননি পুলিশ কর্মকর্তা কামাল।
গত ৯ মার্চ ভোরে বিডিআর সদর দপ্তরে নায়েক সুবেদার মোজাম্মেল হক (৫০) আত্মহত্যা করেন। তাকে একটি বাথরুমের ভেন্টিলেটরের গ্রিলে গামছা দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় পাওয়া গিয়েছিল। মোজাম্মেল হক দিনাজপুরের রাইফেল ব্যাটালিয়নে কর্তব্যরত ছিলেন।
২৫ ও ২৬ ফেব্র"য়ারি বিডিআর সদর দপ্তরে বিডিআর জওয়ানদের বিদ্রোহের আগে তাকে সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছিল।
বিদ্রোহের পর কর্মস্থলে রিপোর্ট করা সংক্রান্ত সরকারি ঘোষণার পর মোজাম্মেল হক সদর দপ্তরে রিপোর্ট করেন এবং এখানেই অবস্থান করছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২০১১ ঘ.
bdnews24