২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মন্দা মোকাবেলায় ২৯ সদস্যের টাস্কফোর্স আসছে

অর্থনৈতিক মন্দা মোকাবেলার কৌশল স্থির করতে প্রধান বিরোধী দল বিএনপিসহ তিনটি রাজনৈতিক দলের প্রতিনিধি, অর্থনীতিবিদ, ব্যবসায়ী প্রতিনিধি ও বিশেষজ্ঞদের সমন্বয়ে টাস্কফোর্স গঠন করছে সরকার। (আরো তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Mar 2009, 11:31 AM

Updated : 26 Aug 2022, 11:11 AM

ঢাকা, মার্চ ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--অর্থনৈতিক মন্দা মোকাবেলার কৌশল স্থির করতে প্রধান বিরোধী দল বিএনপিসহ তিনটি রাজনৈতিক দলের প্রতিনিধি, অর্থনীতিবিদ, ব্যবসায়ী প্রতিনিধি ও বিশেষজ্ঞদের সমন্বয়ে টাস্কফোর্স গঠন করছে সরকার। (আরো তথ্যসহ) এ সম্পর্কে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোমবারই সংসদে ঘোষণা দিতে পারেন। সোমবার বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) 'বিশ্ব অর্থনৈতিক সঙ্কট: বাংলাদেশে এর প্রভাব' শীর্ষক সেমিনার শেষে অর্থ মন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত সাংবাদিকদের একথা বলেন। রাজধানীর শেরে বাংলা নগরে বিআইডিএস সম্মেলন কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়। অর্থমন্ত্রী বলেন, সোমবার মন্ত্রীসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। জানুয়ারির শুরুতে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর অর্থ মন্ত্রী ঘোষণা দিয়েছিলেন চলমান অর্থনৈতিক মন্দা মোকাবেলায় করণীয় নির্ধারণে টাস্কফোর্স গঠন করবে সরকার। অর্থ মন্ত্রী জানান, এ টাস্কফোর্সের সদস্য হবে ২৯। টাস্কফোর্সের প্রথম বৈঠক ২৪ মার্চ অনুষ্ঠিত হবে বলে জানান আবুল মাল আব্দুল মুহিত। অর্থ মন্ত্রী বলেন, "মন্দা নয়, বিশ্ব অর্থনীতিতে এখন মহামন্দা চলছে। এ মহামন্দা থেকে বাংলাদেশকে কিভাবে রক্ষা করা যায় সে বিষয়েই টাস্কফোর্স সরকারকে প্রয়োজনীয় পরামর্শ দেবে।" মন্দা মোকাবিলায় এফবিসিসিআই'র ছয় হাজার কোটি টাকার 'বিশেষ প্যাকেজ' ঘোষণার প্রস্তাব প্রসঙ্গে অর্থ মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, "রপ্তানি খাতের ক্ষতি পুষিয়ে দিতে সরকার একটি প্যাকেজ ঘোষণা করবে ঠিক। কিন্তু সে প্যাকেজ কতো কোটি টাকার হবে সে বিষয়ে এখনও কোনো কিছু ঠিক হয়নি। সার্বিক বিষয় বিচার-বিশ্লেষণ করে এ প্যাকেজ ঘোষণা করা হবে।" অর্থ মন্ত্রী বলেন, "কোন খাত কতোটা ক্ষতিগ্রস্ত হবে- সে বিষয়টি বিবেচনায় রেখেই সরকার প্যাকেজ ঘোষণা করবে।" এর আগে সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে অর্থ মন্ত্রী বলেন, "বিশ্ব অর্থনীতির সঙ্কট সরকার গভীরভাবে পর্যবেক্ষণ করছে। মন্দা বিবেচনায় রেখে সরকার কৃষি এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্পে (এসএমই) বিশেষ অগ্রাধিকার দিচ্ছে। দেশে যাতে বেশি বেশি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয় সে বিষয়টিকেও অধিক গুরুত্ব দেওয়া হবে।" গ্যাস ও বিদ্যুৎ সমস্যা সমাধানে জ্বালানি খাতে সরাসরি বিদেশি বিনিয়োগ (এফডিআই) আনারও উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান আবুল মুহিত। তিনি বলেন, হিমায়িত খাদ্য, পাট ও পাটজাত পণ্য এবং চামড়া রপ্তানিতে ইতিমধ্যেই বিশ্ব মন্দার প্রভাব পড়তে শুরু করেছে। তৈরি পোশাক শিল্পে এখনও এর প্রভাব পড়েনি। তবে পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। মন্দার মুখে রেমিটেন্স প্রবাহের গতি ধরে রাখতে দক্ষ জনশক্তি রপ্তানি করতে হবে বলে মত দেন অর্থমন্ত্রী। বিআইডিএসের মহাপরিচালক কাজী সাহাবউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রতিষ্ঠানের পলিসি রিসোর্স প্রোগ্রামের (পিআরপি) পরিচালক কে এ এস মুর্শিদ। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সাবেক পররাষ্ট্র সচিব ফারুক সোবহান, সেন্টার ফর পলিসি ডায়লগের (সিপিডি) নির্বাহী পরিচালক মোস্তাফিজুর রহমান, অ্যাসোসিয়েশন অব ব্যাংকস বাংলাদেশের (এবিবি) চেয়ারম্যান কাজী মাহমুদ সাত্তার, কানাডার কনকর্ডিয়া বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক সৈয়দ এম আহসান প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এসকে/২০০৭ঘ.