২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তদন্তের আগে কাউকে অভিযুক্ত করা উচিত নয়: আইনমন্ত্রী

পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন না পাওয়া পর্যন্ত পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় কারা জড়িত এ বিষয়ে কাউকে অভিযুক্ত করা সমীচীন হবে না বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী শফিক আহমেদ। সোমবার সচিবালয়ে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করার পর আইনমন্ত্রী সাংবাদিকদের একথা বলেন। (বিস্তারিত)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Mar 2009, 10:51 AM

Updated : 26 Aug 2022, 11:11 AM

ঢাকা, মার্চ ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন না পাওয়া পর্যন্ত পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় কারা জড়িত এ বিষয়ে কাউকে অভিযুক্ত করা সমীচীন হবে না বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী শফিক আহমেদ। (বিস্তারিত) সোমবার সচিবালয়ে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করার পর আইনমন্ত্রী সাংবাদিকদের একথা বলেন। পিলখানা হত্যাকাণ্ডের ঘটনার সঙ্গে কারা জড়িত- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, "এ বিষয়ে পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন না পাওয়া পর্যন্ত হত্যাকাণ্ডের ঘটনায় কারা জড়িত সে সম্পর্কে কাউকে অভিযুক্ত করা সমীচীন হবে না। তদন্ত শেষ হলে কারা জড়িত তা প্রকাশিত হবে।" বিডিআর বিদ্রোহে গঠিত তদন্ত কমিটিগুলোর সমন্বয়কারীর দায়িত্বে থাকা বাণিজ্যমন্ত্রী ফারুক খান গত কয়েক দিনে একাধিকবার সংবাদ মাধ্যমের কাছে ওই ঘটনায় নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি) এর সম্পৃক্ততা পাওয়া গেছে বলে জানান। আরেক প্রশ্নের জবাবে শফিক আহমেদ বলেন, "কোনো ধর্মীয় রাজনৈতিক দলের ছত্রছায়ায় জঙ্গি সংগঠন চলছে কিনা- এ বিষয়ে অনুসন্ধান করছে সরকার।" তিনি বলেন, "অতীতেও দেখা গেছে এদেশের কারও কারও সঙ্গে তালেবান জঙ্গিদের সর্ম্পক রয়েছে। এদের কেউ কেউ আবার তালেবানদের কাছ থেকে প্রশিক্ষণও নিয়েছে।" সোমবার মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী জঙ্গি সংগঠন ও তাদের তৎপরতার বিষয়ে আইন শৃঙ্খলা বাহিনীকে সর্তক থাকতে যে নির্দেশ দিয়েছেন সে বিষয়ে কোনো গোয়েন্দা প্রতিবেদন আছে কী না- এর জবাবে মন্ত্রী বলেন, "জঙ্গিরা দেশের বেশ কিছু জায়গায় তৎপর রয়েছে বলে সরকারের কাছে গোয়েন্দা প্রতিবেদন রয়েছে।" জুডিসিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন নেতাদের সঙ্গে বৈঠক প্রসঙ্গে আইনমন্ত্রী জানান, বিচার বিভাগ পৃথকীকরণ সংক্রান্ত অধ্যাদেশ যেভাবে সংসদে বিল আকারে উপস্থাপিত হয়েছে তারা সেটা কোনো পরিবর্তন না করে পাস করার জন্য দাবি জানিয়েছেন। তিনি আরও জানান, এ বিষয়ে আমি তাদেরকে আশ্বস্ত করে বলেছি, "বিচার বিভাগ পৃথকীকরণ যে উদ্দেশে করা হয়েছে তা যেন ব্যাহত না হয় সে বিষয়ে সরকার পদক্ষেপ নেবে।" নির্বাহী ম্যাজিস্ট্র্রেটদের সীমিত আকারে বা বিশেষ কোনো ক্ষমতা দেওয়া হচ্ছে কী না- এমন প্রশ্নের জবাবে শফিক আহমেদ বলেন,"বিচার বিভাগ পৃথকীকরণ সংক্রান্ত অধ্যাদেশেই এই ধরণের কিছু ক্ষমতার কথা বলা আছে। সুপ্রিম কোর্টও এসব ধারা পরীক্ষা করে দেখেছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/জিএমএ/এজে/জিএনএ/এসকে/১৯৪৩ঘ.