২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝিনাইদহ ও পাংশায় অস্ত্রসহ পাঁচ ছিনতাইকারী গ্রেপ্তার

ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার রামনগর গ্রামে রোববার রাতে অস্ত্রের মুখে এক পান ব্যবসায়ীর কাছ থেকে প্রায় পাঁচ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার সময় তিন ছিনতাইকারীকে আটক করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Mar 2009, 10:14 AM

Updated : 26 Aug 2022, 11:11 AM

ঢাকা, মার্চ ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার রামনগর গ্রামে রোববার রাতে অস্ত্রের মুখে এক পান ব্যবসায়ীর কাছ থেকে প্রায় পাঁচ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার সময় তিন ছিনতাইকারীকে আটক করা হয়। ছিনতাইকারীদের কাছ থেকে ছিনতাই করা টাকা ও গুলিভর্তি একটি পিস্তল উদ্ধার করা হয়। জব্দ করা হয় তাদের ব্যবহৃত একটি মোটরসাইকেল। রাজবাড়ীর পাংশা উপজেলা সদরে রোববার রাতে অস্ত্রসহ ২ ছিনতাইকারীকে আটক করে পুলিশ। তাদের কাছ থেকে ছিনতাই করা মোবাইল সেটসহ একটি শাটারগান উদ্ধার করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধিদের পাঠানো খবর: ঝিনাইদহ: আটক ছিনতাইকারীরা হল- হরিণাকুণ্ডু উপজেরার বেলতলা গ্রামের রাজ্জাক, কুষ্টিয়ার মানিক ও রবিউল। অতিরিক্ত পুলিশ সুপার মো. জোবায়ের রহমান জানান, ঝিনাইদহের একটি ব্যাংক থেকে চার লাখ ৬৭ হাজার টাকা তুলে মোটরসাইকেলে করে হরিণাকুণ্ডুর ভবানীপুর গ্রামের বাড়ি ফিরছিলেন পান ব্যবসায়ী আলমগীর হোসেন। ঝিনাইদহ থেকে তিন ছিনতাইকারী আরেকটি মোটরসাইকেলে করে তাকে অনুসরণ করে সন্ধ্যা ৭টার পর রামনগর গ্রামে তার গতি রোধ করে এবং অস্ত্রের মুখে টাকার ব্যাগ কেড়ে নিয়ে পালানোর চেষ্টা করে। আলমগীর মোবাইল ফোনে তার পরিচিতদের ঘটনা জানালে তারা ছিনতাইকারীদের ধাওয়া করে আটক করে। পরে ছিনতাইকারীদের পুলিশে সোপর্দ করা হয়। এ ব্যাপারে হরিণাকুণ্ডু থানায় মামলা হয়েছে বলে পুলিশ কর্মকর্তা জোবায়ের জানান। রাজবাড়ী: আটক দুই ছিনতাইকারী হল- জিল্লুর রহমান (২০) এবং আব্দুর রাজ্জাক (২১)। দুজনের বাড়ি উপজেলার নারায়ণপুর গ্রামে। পাংশা থানার সহকারী উপ-পরিদর্শক আবু বকর জানান জানান, রাত ১০টার দিকে উপজেলা সদরে রেজাউল নামে এক ব্যক্তির কাছ থেকে অস্ত্রের মুখে একটি মোবাইল ফোন সেট এবং নগদ প্রায় পাঁচ হাজার টাকা ছিনতাই করে ওই দুজন। ঘটনাটি তাৎক্ষণিকভাবে টহল পুলিশকে জানালে তাদের আটক করা হয়। এ ব্যাপারে পাংশা থানায় দুটি পৃথক মামলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৫৫৭ ঘ.