২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এক সপ্তাহের মধ্যেই বেতন পাবে বিডিআর সদস্যদের পরিবার: ডিজি

এক সপ্তাহের মধ্যেই ফেব্রুয়ারি মাসের বেতন ও রেশন পাবেন পিলখানার বিডিআর সদস্যরা। বাংলাদেশ রাইফেলস (বিডিআর) নতুন মহাপরিচালক বিগ্রেডিয়ার জেনারেল মইনুল হোসেন রোববার একথা জানান। (নামের সংশোধনীসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Mar 2009, 03:03 PM

Updated : 26 Aug 2022, 11:11 AM

ঢাকা, মার্চ ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এক সপ্তাহের মধ্যেই ফেব্রুয়ারি মাসের বেতন ও রেশন পাবেন পিলখানার বিডিআর সদস্যরা। বাংলাদেশ রাইফেলস (বিডিআর) নতুন মহাপরিচালক বিগ্রেডিয়ার জেনারেল মইনুল হোসেন রোববার একথা জানান। বিগ্রেডিয়ার মইনুল হোসেন বলেন, "ফেব্রুয়ারির বিদ্রোহের ঘটনার পরে পিলখানার যেসব ব্যাটেলিয়নের বেতন ও রেশন বন্ধ ছিল, আজ থেকেই তাদের বেতন দেওয়ার প্রক্রিয়া শুরু করা হয়েছে।" রোববার দুপুরে ফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি জানান, একসপ্তাহের মধ্যেই এসব সদস্যদের পরিবারের কাছে বেতন ও রেশন দেওয়া হবে। যেসব সদস্য পিলখানায় রয়েছেন, তারা সবাই বেতন ও রেশন পাবেন। মার্চ মাসের বেতন এবং রেশনও যথাসময়েই দেওয়া হবে বলে জানান তিনি। অস্ত্র গণনা ও সন্দেহভাজনদের সনাক্ত করা চলছে এদিকে রোববার থেকে পিলখানার অস্ত্রাগারে জমা থাকা অস্ত্র ও গোলাবারুদ গণনার কাজ শুরু করেছে সেনাবাহিনী। বিদ্রোহী বিডিআর সদস্যরা এসব অস্ত্র ২৬ ফেব্র"য়ারি রাতে অস্ত্রাগারে জমা দিয়েছিল। এখানে পিলখানাসহ আশেপাশের বিভিন্ন স্থান থেকে উদ্ধার করা অস্ত্র ও গোলাবারুদও রয়েছে। পিলখানার ভেতরে কর্মরত সেনাবাহিনীর মেজর ইমরান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমরা অস্ত্র গণনার কাজ শুরু করেছি। আলামত নষ্ট হয়ে যাওয়ার ভয়ে সার্জিক্যাল গ্লাভস পরে কাজ করছি।" তিনি জানান, অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) একটি বিশেষজ্ঞ দল অস্ত্রগুলো থেকে গুলি ছোঁড়ার আলামত খতিয়ে দেখতে ব্যালিস্টিক পরীক্ষা করার প্রক্রিয়াও চালিয়ে যাচ্ছে। যেসব অস্ত্রে গুলি ছোঁড়ার চিহ্ন পাওয়া যাচ্ছে, সেসব থেকে আঙুলের ছাপ সংগ্রহ করা হচ্ছে। পরে তা সন্দেহভাজন সিপাহীদের সঙ্গে মিলিয়ে দেখা হবে। পিলখানার ভেতরে সন্দেহভাজনদের সনাক্ত করার কাজ চলছে বলে জানান মেজর ইমরান। সিআইডির সদস্যরা জিজ্ঞাসাবাদ ও প্রমাণ সংগ্রহের কাজ করছেন। সাংগঠনিক কাঠামো পুর্নগঠনে অগ্রাধিকার নাম প্রকাশে অনিচ্ছুক একজন সেনা কর্মকর্তা জানিয়েছেন, বিডিআর সদর দপ্তরের ভেতরের সাংগঠনিক কাঠামো পুর্নগঠনের বিষয়টিকেই এখন সর্বাধিক গুরুত্ব দেওয়া হচ্ছে। এজন্যে বিডিআরের জীবিত সেনা কর্মকর্তাদের সঙ্গে নিয়মিত বৈঠক করা হচ্ছে। তাদের মাধ্যমে ঢাকা ও দেশের বিভিন্ন স্থানের ব্যাটেলিয়নগুলোয় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার ব্যবস্থা নেওয়া হচ্ছে। এই কর্মকর্তা জানান, এখনো দেশের বিভিন্ন স্থানে থাকা বিডিআর ব্যাটেলিয়নগুলোয় কাগজে কলমেই সদর দপ্তরের নিয়ন্ত্রণ রয়েছে। বেশিরভাগ ক্ষেত্রেই সেনা কর্মকর্তারা ব্যাটেলিয়নের বাইরে বসেই অফিস করছেন। তিনি জানান, পুনর্গঠিত সীমান্তরক্ষী বাহিনীর কাঠামো ও এর নতুন কর্মকর্তা নিয়োগ বিষয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষ কয়েকটি প্রস্তাব নিয়ে আলোচনা করছেন। বাছাই করে কয়েকটি প্রস্তাব অনুমোদনের জন্যে সরকারের কাছে পাঠানো হবে। রোববারও পিলখানার ভেতরে থাকা বিডিআর সিপাহীদের মধ্যে কয়েকজনের সঙ্গে দেখা করেছেন তাদের স্বজনেরা। পিলখানার সামনে স্থাপিত তথ্যকেন্দ্রের কর্মকর্তা ক্যাপ্টেন তৌহিদ জানান, রোববার ১৫ জন সিপাহীর পরিবার তাদের স্বজনের সঙ্গে দেখা করেছেন। এছাড়া তারা ভেতরে ব্যারাকগুলোর সামনে স্থাপিত মোবাইল বুথ থেকে পরিবারের সদস্যদের সঙ্গে এক মিনিট করে কথা বলার সুযোগ পাচ্ছেন। রোববারও পিলখানার সামনে সিপাহীদের আত্মীয়স্বজনের উদ্বিগ্ন মুখে ঘোরাফেরা করতে দেখা যায়। তাদের অনেকেই জানালেন, আত্মীয়দের সঙ্গে দেখা করার জন্যে তারা নাম তালিকাভুক্ত করতে চান। কিন্তু তথ্যকেন্দ্র থেকে জানানো হয়েছে, বর্তমান তালিকাভুক্তদের দেখা শেষ হবার পরেই কেবল নতুন করে তালিকাভুক্তি শুরু হবে। পিলখানার ভেতরে থাকা কয়েকহাজার বিডিআর সদস্যের সঙ্গে দেখা করতে তাদের অনেক আত্মীয়-স্বজন বেশ কয়েকদিন ধরে অপেক্ষা করেন। কিন্তু একদিনে হাতে গোনা কয়েকজনকে দেখা করার সুযোগ দেওয়া হচ্ছে। সাক্ষাত প্রক্রিয়ার সঙ্গে যুক্তরা জনবলের ঘাটতির কথা উল্লেখ করার পাশাপাশি বলছেন, স্বজনরা বিডিআর সদস্যদের ব্যাপারে সঠিক তথ্য দিতে না পারায় এতে বিলম্ব হচ্ছে। আর্থিক ও থাকার সমস্যার কারণে দূর-দূরান্ত থেকে আসা স্বজনদের অনেকেই চলে গেছে। এছাড়া ফোনে কথা বলার সুযোগ পাওয়ায়ও অনেকে ফিরে যান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এসকে/২১০৩ঘ.