২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিমানের বহরে যোগ হচ্ছে ৪ উড়োজাহাজ: বিমানমন্ত্রী

বাংলাদেশ বিমানের উড়োজাহাজ বহরে ২০১৩ সালে নতুন চারটি উড়োজাহাজ যুক্ত হবে বলে জানিয়েছেন বিমান মন্ত্রী গোলাম মোহাম্মদ কাদের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Mar 2009, 02:53 PM

Updated : 26 Aug 2022, 11:11 AM

ঢাকা, মার্চ ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ বিমানের উড়োজাহাজ বহরে ২০১৩ সালে নতুন চারটি উড়োজাহাজ যুক্ত হবে বলে জানিয়েছেন বিমান মন্ত্রী গোলাম মোহাম্মদ কাদের। রোববার সংসদে প্রশ্নোত্তর পর্বে বিমান মন্ত্রী জি এম কাদের ঢাকা-২০ আসনের সাংসদ বেনজির আহমেদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান। তিনি বলেন, "২০২০ সালের মধ্যে ১০টি নতুন উড়োজাহাজ কেনার লক্ষে ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের বোয়িং কোম্পানির সঙ্গে বাংলাদেশ বিমানের চুক্তি হয়েছে। এর মধ্যে চারটি উড়োজাহাজ ২০১৩ সালে বিমান বহরে যুক্ত হবে।" জিএম কাদের জানান, উড়োজাহাজগুলোর মধ্যে ৪টি ৭৭৭-৩০০ ইআর, ২টি ৭৩৭-৮০০ ও ৪টি ৭৮৭-৮ উড়োজাহাজ রয়েছে। নোয়াখালী-৬ আসনের সাংসদ ফজুলল আজিমের আরেক প্রশ্নের জবাবে তিনি জানান, বর্তমানে বিমানের উড়োজাহাজের সংখ্যা ১০টি। এর মধ্যে ৫টি ডিসি-১০-৩০,২টি এয়ারবাস, ৩টি এফ-২৮ রয়েছে। এরমধ্যে একটি ডিসি-১০-৩০ ও একটি এফ-২৮ অকেজো অবস্থায় রয়েছে বলে জানান তিনি। মন্ত্রী আরও জানান, বিমান বাংলাদেশের লিজে আনা উড়োজাহাজের সংখ্যা ৫টি। লক্ষ্মীপুর-১ আসনের সাংসদ নাজিম উদ্দিন আলমের আরেক প্রশ্নের জবাবে জিএম কাদের জানান, ২০০৬-০৭ অর্থ বছরে বিমানের লোকসানের পরিমাণ ছিল ২৭২ কোটি ১৭ লাখ টাকা। গত অর্থ বছরের এই লোকসানের পরিমাণ ছিল ১৯ কোটি ৯১ লাখ টাকা। প্রশ্নোত্তর পর্বে কৃষি মন্ত্রী মতিয়া চৌধুরী সংসদকে জানান, আওয়ামী লীগ সরকার ভোজাল সার বিক্রি বন্ধসহ কৃষকের কাছে স্বল্পমূল্যে কৃষিপণ্য পৌঁছে দেওয়ার জন্য নানা কার্যক্রম গ্রহণ করেছে। এছাড়াও মাটির উর্বরতা বাড়াতে এবং কৃষকের ন্যায্যমূল্য পাওয়া নিশ্চিত করতেও উদ্যোগ নেওয়া হয়েছে। কুমিল্লা-৮ আসনের সাংসদ নাছিমুল আলম চৌধুরীর প্রশ্নের জবাবে পরিবেশ ও বনমন্ত্রী মোস্তাফিজুর রহমান ইটিপি প্ল্যান্ট স্থাপনের জন্য শিল্প মালিকদের প্রতি অনুরোধ জানান। তিনি বলেন, "শিল্প কারখানার বর্জ্য যাতে পরিবেশকে দূষিত না করতে পারে এ জন্য ইটিপি প্ল্যান্ট স্থাপন করতে হবে। না হলে পরিবেশকে বাঁচানো যাবে না। পরিবেশ না বাঁচলে আমরা কেউই বাঁচতে পারবো না।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এএল/এইচএ/২০৪৫ঘ.