ঢাকা, মার্চ ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাক্ষী না আসায় ড. হুমায়ুন আজাদ হত্যা চেষ্টা মামলায় সাক্ষ্য গ্রহণ করা সম্ভব হয়নি।
রোববার ঢাকার ১ নম্বর অতিরিক্ত মুখ্য মহানগর হাকিমের আদালতে আলোচিত এ মামলার বাদি হুমায়ুন আজাদের ছোট ভাই মঞ্জুর কবীরসহ রাষ্ট্রপক্ষে ৫ জনের সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য ছিল।
বিচারক মো. এহসানুল হক আগামী ১৩ এপ্রিল এ মামলার সাক্ষ্য গ্রহণের জন্য নতুন তারিখ ধার্য করেন।
এদিকে মামলার বাদি মঞ্জুর কবীরকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর পক্ষ থেকে ফোন করা হলে তিনি বলেন, 'আমি মামলার অগ্রগতি, বিচার কোন কিছু সম্পর্কেই জানি না।"
মঞ্জুর কবীর বলেন, আদালতে সাক্ষ্য দেওয়ার জন্য তিনি কোন সমন নোটিশ পাননি। সমন পেলে তিনি এবং হুমায়ুন আজাদের পরিবারের সবাই আদালতে এসে মামলা পুনঃ তদন্তের দাবি জানাবেন।
কারণ হিসাবে তিনি বলেন, এ মামলায় প্রকৃত অভিযুক্তদের আসামি হিসাবে অভিযোগপত্রে আনা হয়নি।
২০০৪ সালের ২৭ ফেব্র"য়ারি রাতে একুশে বইমেলা থেকে ফেরার পথে বাংলা একাডেমীর উল্টো দিকের সড়কে সন্ত্রাসী হামলার শিকার হন প্রথাবিরোধী লেখক অধ্যাপক হুমায়ুন আজাদ।
পরদিন তার ছোটভাই বাদি হয়ে রমনা থানায় অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে দুইটি মামলা করেন।
জোট সরকার আমলে ওই দুই মামলার তদন্তে অগ্রগতি না হলেও তত্ত্বাবধায়ক সরকার আমলে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। এতে জঙ্গি দল জামায়াতুল মুজাহেদীন বাংলাদেশ (জেএমবি) নেতা শায়খ আবদুর রহমান ও আতাউর রহমান সানিসহ কয়েকজনকে আসামি করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এসকে/২০২০ঘ.
bdnews24