খুলনা, মার্চ ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চিংড়ি শিল্পের উন্নয়নে দ্রুত নীতিমালা চূড়ান্ত এবং বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন মৎস্য ও পশু সম্পদ মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস।
তিনি বলেন, "গত তত্ত্বাবধায়ক সরকারের আমলের খসড়া নীতিমালা পরীক্ষা-নিরীক্ষা এবং চিংড়ি শিল্পের সঙ্গে জড়িত বিভিন্ন খাতের প্রতিনিধিদের পরামর্শ গ্রহণ করে নীতিমালা চূড়ান্ত করে তা অতিদ্রুত বাস্তবায়ন করা হবে।"
রোববার খুলনা নগরীর জাদুঘর মিলনায়তনে 'পরিবেশ বান্ধব চিংড়ি নীতি ও চিংড়ি সেক্টরের উন্নয়ন' শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন।
মৎস ও পশু সম্পদ মন্ত্রণালয় আয়োজিত কর্মশালায় লতিফ বিশ্বাস বলেন, "দেশের দ্বিতীয় বৃহত্তম বৈদেশিক মুদ্রা অর্জনকারী খাত হিসেবে যথাযথ নীতিমালার আওতায় এনে চিংড়ি শিল্পকে সমৃদ্ধ করা হবে।"
তিনি বলেন, "চিংড়ি চাষীরা যাতে ন্যায্য মূল্য পায় সেদিকে কারখানা মালিক এবং সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সজাগ থাকতে হবে।"
মৎস্য ও পশু সম্পদ সচিব মো. শাহ আলমের সভাপতিত্বে কর্মশালায় আরও বক্তব্য রাখেন- খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক, বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য মীর শওকত আলী বাদশা. যুগ্ম সচিব পরীক্ষিত দত্ত, খুলনার বিভাগীয় কমিশনার মো. ইউনুসুর রহমান, বাগেরহাট জেলা প্রশাসক অপরূপ চৌধুরী, সাতক্ষীরা জেলা প্রশাসক মো. মিজানুর রহমান প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/১৯১১ ঘ.
bdnews24