ঢাকা, মার্চ ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পর্যাপ্ত অগ্নি নির্বাপক যন্ত্রপাতির ব্যবস্থা করার জন্য সরকারের প্রতি নির্দেশ জারির আবেদন জানিয়ে হাইকোর্টে একটি রিট দাখিল করা হয়েছে।
রোববার কিছু শুনানি শেষে আগামী রোববার এ বিষয়ে শুনানির পরবর্তী দিন ধার্য করা হয়।
বিচারপতি এ বি এম খাইরুল হক ও মো. আব্দুল হাইয়ের হাইকোর্ট বেঞ্চে রিটটি দাখিল করে মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ (এইচআরপিবি)।
রিটে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব এবং দমকল বাহিনী ও বেসামরিক প্রতিরক্ষা বিভাগের মহাপরিচালক ও পরিচালকদের (অপারেশন ও রক্ষণাবেক্ষণ) প্রতিপক্ষ করা হয়েছে।
রিটে সুউচ্চ কোনো ভবনের আগুন নেভানোর জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতির তালিকা তৈরি করে তা হাইকোর্টে দাখিলের জন্য দমকল বাহিনী ও বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়ার আবেদন করা হয়েছে।
অ্যাডভোকেট মঞ্জিল মোরশেদ আদালতে রিটটি দাখিল করেন।
রিটে বলা হয়, যথাযথ অগ্নি নির্বাপক যন্ত্রপাতি না থাকায় গত ১৩ মার্চ বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে দমকল বাহিনী ব্যর্থ হয়েছে। এর ফলে সাত জন নিহত এবং কয়েক কোটি টাকার মালামাল নষ্ট হয়।
সংগঠনটির পক্ষে রিট দাখিল করেন অ্যাডভোকেট আসাদুজ্জামান সিদ্দিকী, অ্যাডভোকেট সারওয়ার আহাদ চৌধুরী এবং অ্যাডভোকেট মো. আকলাস উদ্দিন ভুঁইয়া।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এফএফ/এজে/টিআর/এসকে/১৭৩৫ঘ.
bdnews24