২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অবিলম্বে তিন পার্বত্য জেলা পরিষদের নির্বাচন দাবি

তিন পার্বত্য জেলা পরিষদে অবিলম্বে নির্বাচন অনুষ্ঠানের দাবি জানিয়েছেন পার্বত্য অঞ্চলের নেতৃবৃন্দ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Mar 2009, 05:57 PM

Updated : 26 Aug 2022, 11:11 AM

রাঙ্গামাটি, মার্চ ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - তিন পার্বত্য জেলা পরিষদে অবিলম্বে নির্বাচন অনুষ্ঠানের দাবি জানিয়েছেন পার্বত্য অঞ্চলের নেতৃবৃন্দ। তিন জেলা পরিষদে দীর্ঘদিন নির্বাচন না হওয়ায় তার কার্যক্রমে গতিশীলতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা আসছে না বলে অভিযোগ করেন তারা। শনিবার রাঙ্গামাটি শহরের বনরূপায় কাঠ ব্যবসায়ী সমবায় সমিতির সভাকক্ষে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় বক্তারা এসব কথা বলেন। রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গৌতম দেওয়ানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক উপমন্ত্রী মনিস্বপন দেওয়ান, চিংকিউ রোয়াজা, সাবেক যুগ্ম জজ দীপেন দেওয়ান, রকি চাকমা, নির্মলেন্দু ত্রিপুরা, হিরন্ময় চাকমা, মিলন তংচংগ্যা, এম জিসান বখতিয়ার প্রমুখ উপস্থিত ছিলেন। তারা বলেন, সব সরকারের আমলে দলীয় লোকদের চেয়ারম্যান ও সদস্য করা হয় বলে পার্বত্য জেলা পরিষদ জনমুখি না দলমুখি হয়ে পড়ে। সভা শেষে গৌতম দেওয়ানকে আহ্বায়ক করে ৯ সদস্যবিশিষ্ট পার্বত্য জেলা পরিষদ নির্বাচন বাস্তবায়ন কমিটি গঠন করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/টিআর/২৩৫৮ ঘ.