২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যেভাবে সনাক্ত হলো বসুন্ধরায় নিহতদের লাশ

"ওর শার্টের টিপ বোতামটা আমার খুব চেনা। সব আগুনে পুড়লেও টিপ বোতামটা চেনা যাচ্ছিল ঠিকই। বুকের কিছু পশমও আগুনে পুড়ে গেছে। মনে হয় ভাইটা আমার উপুড় হয়ে পড়েছিল। সেই জন্যেই ওকে চিনতে পেরেছি।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Mar 2009, 05:16 PM

Updated : 26 Aug 2022, 11:11 AM

ঢাকা, মার্চ ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -- "ওর শার্টের টিপ বোতামটা আমার খুব চেনা। সব আগুনে পুড়লেও টিপ বোতামটা চেনা যাচ্ছিল ঠিকই। বুকের কিছু পশমও আগুনে পুড়ে গেছে। মনে হয় ভাইটা আমার উপুড় হয়ে পড়েছিল। সেই জন্যেই ওকে চিনতে পেরেছি।" বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে অগ্নিকাণ্ডে পুড়ে প্রায় কয়লা হয়ে যাওয়া কয়েকটি লাশের মধ্যে নিজের চাচাতো ভাই অগ্নি নির্বাপণ ইন্সপেক্টর হারুন অর রশীদকে খুঁজে পাওয়ার বর্ণনা দিতে গিয়ে জানালেন আব্দুল মান্নান। হারুন অর রশীদের গ্রামের বাড়ি কুড়িগ্রামের উলিপুরে। তিনি দুই মেয়ে ও এক ছেলের জনক। বসুন্ধরা শপিং কমপ্লেক্সে শুক্রবার অগ্নিকাণ্ডে নিহত হন বসুন্ধরার সাত কর্মকর্তা-কর্মচারি। এদের মধ্যে ছয়জনের দেহই পুড়ে অঙ্গার হয়ে গেছে। কাউকেই আর চেনার কোনও উপায় ছিল না। তারপরও স্বজনের দেহের সামান্যতম চিহ্ন দেখেই তারা খুঁজে পেয়েছেন প্রিয়জনকে। বৈদ্যুতিক মিস্ত্রী ইব্রাহিম মণ্ডলের (৩৭) দেহটি তার সহকর্মীদের সাহায্য নিয়ে সনাক্ত করেন তার খালাতো ভাই আব্দুল মজিদ। তিনি জানান, কয়েকদিন আগে মাথা ন্যাড়া করেছিলেন ইব্রাহিম। কিছু ছোট ছোট পাকা চুল গজিয়েছিল। গোটা দেহ পুড়ে গেলেও মাথার সামান্য (এক ইঞ্চির মতো) অংশ অক্ষত রয়ে গেছে। সেই অংশের ছোট পাকা চুল দেখেই ইব্রাহিমকে সনাক্ত করা হয়। ইব্রাহিমের গ্রামের বাড়ি রাজবাড়ীর খানগঞ্জে। তার দুই ছেলে রয়েছে। মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী সরকার (৬০) ছিলেন বসুন্ধরার সিনিয়র সিভিল সুপারভাইজার। তার লাশ যেখানে পড়েছিল সেই জায়গা ও আকৃতি দেখে সহকর্মীরা তাকে সনাক্ত করেন। এসময় তার ছেলে বসুন্ধরা গ্র"পের কম্পিউটার ইঞ্জিনিয়ার আবে কাওসারও সেখানে ছিলেন। আবে কাওসার জানান, শনিবার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছরামপুরে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে দাফন করা হয়েছে। রং মিস্ত্রি রেনু সরকারের (২৬) খালাতো ভাই জিয়া জানান, শুধুমাত্র হাতের আঙুল দেখে রেনুকে সনাক্ত করা হয়েছে। রঙের কাজ করায় তার হাতের আঙুল ছিল একটু অন্য রকম। রেনু সরকারের গ্রামের বাড়ি গাইবান্ধার ফুলছড়িতে। টাইলস মিস্ত্রি হামিদুল ইসলামের (২৫) দেহ সনাক্ত করেছে তার চাচাতো ভাই উজির। হামিদুলের গ্রামের বাড়িও গাইবান্ধার ফুলছড়িতে। আর ফায়ার অ্যালার্ম টেকনিশিয়ান আনিসুর রহমান বাবু'র (২৪) দেহ শনাক্ত করেন তার মামা শহীদুল ইসলাম। তার গ্রামের বাড়ি টাঙ্গাইলের মধুপুরে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/টিআর/এসকে/২২২৪ ঘ.