২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সোমবার ৮ উপজেলার ১১টি ভোটকেন্দ্রে পুনঃভোটগ্রহণ

সোমবার ৮ উপজেলার ১১টি ভোটকেন্দ্রে পুনঃভোটগ্রহণ হবে। সকাল আটটা থেকে বিকাল চার টা পর্যন্ত এসব ভোটকেন্দ্রে ভোটগ্রহণ চলবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Mar 2009, 04:57 PM

Updated : 26 Aug 2022, 11:11 AM

ঢাকা, মার্চ ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--- সোমবার ৮ উপজেলার ১১টি ভোটকেন্দ্রে পুনঃভোটগ্রহণ হবে। সকাল আটটা থেকে বিকাল চার টা পর্যন্ত এসব ভোটকেন্দ্রে ভোটগ্রহণ চলবে। শনিবার নির্বাচন কমিশন সচিবালয়ের উপসচিব (নির্বাচন) মিহির সারওয়ার মোর্শেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এতথ্য জানান। তিনি বলেন, "নির্বাচন অনুষ্ঠানের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। প্রতিটি ভোটকেন্দ্রে দুইজন করে উপজেলা নির্বাচন কর্মকর্তা থাকবেন পর্যবেক্ষক হিসাবে এবং প্রতিটি উপজেলায় নিয়োগ করা হয়েছে একজন করে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট।" মিহির সারওয়ার মোর্শেদ জানান, ৮ উপজেলার বিভিন্ন স্থগিত কেন্দ্রে চেয়ারম্যান পদে ১৩১১০ জন, ভাইস চেয়ারম্যান পদে ১১০৩৪ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১৯৮১৪ জন ভোটার রয়েছে। এদের ভোটেই অমীমাংসিত পদে ফলাফল নির্ধারণ করা হবে। উপজেলাগুলো হচ্ছে- সিরাজগঞ্জের চৌহালি, ময়মনসিংহের নান্দাইল, মুন্সিগঞ্জের গজারিয়া, নারায়ণগঞ্জের রূপগঞ্জ, লক্ষ্মীপুর সদর, চট্টগ্রামের সন্দ্বীপ, জামালপুরের ইসলামপুর এবং চাঁদপুরের ফরিদগঞ্জ। ভোটকেন্দ্রগুলো হচ্ছে- চৌহালি ডিগ্রি কলেজ, শিমুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, ভাদ্রা সরকারি প্রাথমিক বিদ্যালয়, আমুদাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়, ইমাম হোসেন উচ্চ বিদ্যালয়, কলাতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়, মোহাম্মদনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়, মুছাপুর মুস্তাফিজুর রহমান রেজি. প্রাথমিক বিদ্যালয়, কাজলা খলিলুর রহমান উচ্চ বিদ্যালয় ও বালিথুবা উচ্চ বিদ্যালয়। আগামী ৬ এপ্রিল নির্বাচনের দিন নির্বাচনের আগে স্থগিত ৬টি উপজেলায় ভোটগ্রহণ হবে। এগুলো হচ্ছে- পার্বত্য খাগড়াছড়ির দীঘিনালা, কক্সবাজারের উখিয়া, সিরাজগঞ্জের বেলকুচি, ব্রাহ্মণবাড়িয়া সদর, লক্ষ্মীপুরের রামগঞ্জ ও কুমিল্লার বরুড়া। এর আগে ২ এপ্রিল সংসদের শূন্য আসনে উপ নির্বাচনের সময়সূচি নির্ধারিত রয়েছে। এসব নির্বাচন উপলক্ষে নির্বাচন কমিশন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় ইতোমধ্যে আইন শৃঙ্খলা বৈঠক করে প্রয়োজনীয় ব্যবস্থা সম্পন্ন করেছে বলে জানান মিহির সারওয়ার মোর্শেদ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এসকে/২২৫৫ঘ.