২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এক মাস পর দলীয় নেতাদের সঙ্গে হাসিনার বৈঠক

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা ধানমন্ডিতে তার রাজনৈতিক কার্যালয়ে শনিবার দলীয় নেতাদের সঙ্গে বৈঠক করেছেন। এক মাসেরও বেশি সময় পর এই বৈঠক অনুষ্ঠিত হলো। (আরো তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Mar 2009, 02:49 PM

Updated : 26 Aug 2022, 11:11 AM

ঢাকা, মার্চ ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা ধানমন্ডিতে তার রাজনৈতিক কার্যালয়ে শনিবার দলীয় নেতাদের সঙ্গে বৈঠক করেছেন। এক মাসেরও বেশি সময় পর এই বৈঠক অনুষ্ঠিত হলো। বৈঠকে স্বাধীনতা দিবসের আলোচনা সভাসহ কয়েকটি অনুষ্ঠানের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সপ্তাহে একদিন দলীয় নেতা-কর্মী, সমর্থক এবং বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষের সঙ্গে কথা বলার কর্মসূচির অংশ হিসাবে শেখ হাসিনা সন্ধ্যায় তার দলের নেতাদের সঙ্গে এই বৈঠক করেন। বৈঠকে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলী, কার্যনির্বাহী সংসদ এবং কেন্দ্রীয় বিভাগীয় উপ-কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রীর তথ্য সচিব আবুল কালাম আজাদ জানিয়েছেন, আগামী ১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু-কিশোর দিবস উপলক্ষে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিকাল তিনটায় আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এই দিবসটি উপলক্ষে আওয়ামী লীগ নেতা শেখ ফজলুল করিম সেলিমের নেতৃত্বে দলের একটি প্রতিনিধি দল বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করতে টুঙ্গীপাড়া যাবেন। স্বাধীনতা দিবস উপলক্ষে আগামী ২৭ মার্চ বিকাল তিনটায় রাজধানীতে আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এছাড়া, আগামী ২৮ মার্চ সকাল দশটায় আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে হবে দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের বৈঠক। প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর শেখ হাসিনা গত ৩১ জানুয়ারি ও ৭ ফেব্র"য়ারি এই দুই শনিবার নিজের এলাকা গোপালগঞ্জসহ কয়েকটি জেলার আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠন ও মুক্তিযোদ্ধাসহ স্থানীয় পর্যায়ের অনেকের সঙ্গে সাক্ষাত করেন। ৭ ফেব্র"য়ারি প্রধানমন্ত্রীর তথ্য সচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের বলেছিলেন, প্রধানমন্ত্রী প্রতি শনিবার দলীয় নেতা-র্কর্মীসহ সর্বস্তরের মানুষের সঙ্গে কথা বলতে চেষ্টা করবেন। এরপর বিভিন্ন কারণে প্রধানমন্ত্রী গত কয়েক শনিবার এ সাক্ষাত করতে পারেননি বলে দলীয় সূত্রে জানানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/টিআর/এসকে/২২২১ঘ.