২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১০ শতাংশ আর্থিক সুবিধা চাইল বিকেএমইএ

বিশ্ব অর্থনীতির মন্দার ক্ষতি পুষিয়ে দিতে সরকারের কাছে ১০ শতাংশ বিশেষ আর্থিক সুবিধার দাবি চেয়েছে নিট পোশাক রপ্তানিকারকদের সংগঠন বাংলাদেশ নিট পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি (বিকেএমইএ)। মন্দা মোকাবেলার জন্য ব্যাংক ঋণের সুদের হার ১০ শতাংশে নামিয়ে আনা এবং গ্যাস ও বিদ্যুৎ সমস্যা সমাধানে কার্যকর ব্যবস্থা নিতেও সরকারের কাছে দাবি জানিয়েছে শিল্পমালিকদের সংগঠনটি। শনিবার বিকেলে রাজধানীর সোনারগাঁও রোডে বিকেএমইএ কার্যালয়ে বিশ্ব অর্থনীতির চলমান সঙ্কট নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিকেএমএই সভাপতি ফজলুল হক এ সব দাবি করেন। (বিস্তারিত)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Mar 2009, 02:10 PM

Updated : 07 Jul 2022, 06:40 PM

ঢাকা, ১৪ মার্চ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-বিশ্ব অর্থনীতির মন্দার ক্ষতি পুষিয়ে দিতে সরকারের কাছে ১০ শতাংশ বিশেষ আর্থিক সুবিধার দাবি চেয়েছে নিট পোশাক রপ্তানিকারকদের সংগঠন বাংলাদেশ নিট পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি (বিকেএমইএ)।

মন্দা মোকাবেলার জন্য ব্যাংক ঋণের সুদের হার ১০ শতাংশে নামিয়ে আনা এবং গ্যাস ও বিদ্যুৎ সমস্যা সমাধানে কার্যকর ব্যবস্থা নিতেও সরকারের কাছে দাবি জানিয়েছে শিল্পমালিকদের সংগঠনটি।

শনিবার বিকেলে রাজধানীর সোনারগাঁও রোডে বিকেএমইএ কার্যালয়ে বিশ্ব অর্থনীতির চলমান সঙ্কট নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিকেএমএই সভাপতি ফজলুল হক এ সব দাবি করেন।

ফজলুল হক বলেন, " মন্দার কারণে বাংলাদেশের অর্থনীতি বড় ধরনের সঙ্কটের মুখে পড়েছে। রপ্তানি আয়ের প্রধান খাত তৈরি পোশাক (নিট ও ওভেন) রপ্তানিতেও নেতিবাচক প্রভাব পড়েছে। রপ্তানি আদেশ (অর্ডার) আগের থেকে অনেক কমে গেছে। ভবিষ্যতে আরও কমবে বলে আশঙ্কা করা হচ্ছে।"

বিকেএমএই সভাপতি মন্তব্য করেন, তৈরি পোশাক শিল্প এর আগে কখনও এমন খারাপ অবস্থায় পড়েনি ।

তিনি বলেন, "বিশ্ব মন্দার ক্ষতি পুষিয়ে দেওয়ার জন্য সরকার এ মাসের মধ্যেই একটি সমন্বিত প্যাকেজের কথা ঘোষণা করবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী।"

অর্থমন্ত্রীর এ ঘোষণাকে স্বাগত জানিয়ে ফজলুল হক বলেন, "সরকার যে সহায়তা দেবে তাতে আমাদের ক্ষতি পোষানোর পাশাপাশি প্রতিযোগী দেশগুলোর সঙ্গে যাতে প্রতিযোগিতায় টিকে থাকা সম্ভব হয় সে বিষয়টির ওপরও নজর দিতে হবে।"

ফজলুক হক বলেন সরকারের প্যাকেজে তারা নিট পোশাক খাতের জন্য ১০ শতাংশ বিশেষ আর্থিক সুবিধা চান। আগামী এক বছরের জন্য তারা এই সুবিধা চান একথা উল্লেখ করে বিকেএমই সভাপতি বলেন,এক বছর পর বিশ্ব মন্দা কেটে গেলে এ বিশেষ সুবিধা প্রত্যাহার করে নেওয়া যেতে পারে।

তিনি বলেন, সরকার রপ্তানি বাণিজ্যের ১০টি খাতে নগদ আর্থিক সহায়তা (ইনসেনটিভ) দিয়ে থাকে। এর মধ্যে তৈরি পোশাক খাত সরাসরি কোনো নগদ আর্থিক সহায়তা পায় না।

বিকেএমএই প্রধান বলেন, "চীন, ভারত, পাকিস্তান, ভিয়েতনামসহ বিভিন্ন দেশের সরকার বিশ্ব মন্দা কাটাতে রপ্তানি খাতের জন্য প্রণোদনামূলক প্যাকেজ ঘোষণার পাশাপাশি মার্কিন ডলারের বিপরীতে তাদের দেশের অর্থের মূল্যমান বেশ কমিয়েছে।"

কিন্তু টাকার দাম কমানোর বিপক্ষে তাদের অবস্থান পুনর্ব্যক্ত করে ফজলুল হক বলেন, "টাকার মান কমালে বাজারে জিনিসপত্রের দাম বেড়ে যাবে। সাধারণ মানুষের দুর্ভোগ বাড়বে।"

ব্যাংক ঋণের সুদের হার ১০ শতাংশে কমিয়ে আনতে সরকারের প্রতি কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়ে ফজলুল হক বলেন, "পৃথিবীর যে কোনো দেশের তুলনায় আমাদের দেশে সুদের হার বেশি। শিল্প খাতে সুদের হার ১৪ থেকে ১৫ শতাংশ। বেশ কিছুদিন ধরে সুদের হার কমানোর চেষ্টা চলছে। কিন্তু কোনো কাজ হয়নি। অথচ অনেক দেশই বিশ্ব মন্দার কারণে ব্যাংক ঋণের সুদের হার কমিয়েছে।"


গ্যাস ও বিদ্যুৎ সঙ্কট প্রসঙ্গে ফজলুল হক বলেন, "অতীতের যে কোনো সময়ের তুলনায় দেশে এখন গ্যাস ও বিদ্যুৎ সঙ্কট সব চেয়ে বেশি।" এ সঙ্কট নিরসনে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি।।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/টিআর/এসকে/২১৩৫ঘ.