২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুই বছর কেটে গেছে, দমকল সেরকমই অসহায়

বহুতল ভবনে অগ্নি নির্বাপণে দমকল বাহিনীর দৈন্য ফুটে উঠেছে আবারও। কাওরান বাজারের বিএসইসি ভবনের পর বসুন্ধরা সিটি টাওয়ারে অগ্নিকাণ্ডেও আগুনের কাছে দমকল কর্মীদের অসহায় মনে হয়েছে। প্রথমোক্ত ঘটনার এতদিন পরও উপযুক্ত সরঞ্জামের ব্যবস্থা না হওয়ায় প্রত্যক্ষদর্শী অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Mar 2009, 03:47 PM

Updated : 26 Aug 2022, 11:10 AM

ঢাকা, মার্চ ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- বহুতল ভবনে অগ্নি নির্বাপণে দমকল বাহিনীর দৈন্য ফুটে উঠেছে আবারও। কাওরান বাজারের বিএসইসি ভবনের পর বসুন্ধরা সিটি টাওয়ারে অগ্নিকাণ্ডেও আগুনের কাছে দমকল কর্মীদের অসহায় মনে হয়েছে। প্রথমোক্ত ঘটনার এতদিন পরও উপযুক্ত সরঞ্জামের ব্যবস্থা না হওয়ায় প্রত্যক্ষদর্শী অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন। বসুন্ধরার কর্মকর্তা ও দোকান মালিকদের দেওয়া তথ্যমতে দুপুর দেড়টার দিকে বসুন্ধরার কর্পোরেট অফিস থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আগুন লাগার পরপরই বসুন্ধরার নিজস্ব নিরাপত্তাকর্মীরা আগুন নেভাতে ছুটে যান। তারা ভবনের নিজস্ব অগ্নিনির্বাপক ব্যবস্থা দিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়েও ব্যর্থ হন। ওপরে আটকা পড়েন আটজন নিরাপত্তাকর্মী। পুড়ে যায় ২১ তলা ভবনটির ওপরের অংশটুকু। দুপুর পৌনে ২ টার দিকে সাংবাদিকরা দমকল সদরদপ্তরে ফোন করলে জানানো হয়, বসুন্ধরা সিটির ১৮ তলায় আগুন লেগেছে। 'সামান্য ধোঁয়া' দেখা যাচ্ছে। এবং তারা একটা টিম পাঠিয়েছেন। তবে বসুন্ধরার কর্মকর্তা ও দোকান মালিকদের অভিযোগ দমকলের গাড়ি বিলম্বে এসেছে। দোকান মালিক তোফায়েল আহমেদ জানান, দুপুর আড়াইটার দিকে দমকলের গাড়ি আসে। কিন্তু তখন তাৎক্ষণিকভাবে তাদের বিশেষ কিছুই করতে দেখা যায়নি। তারা পানির উৎসের জন্য ছোটাছুটি করছিল। কিন্তু আগুনের ওপর পানি দিতে পারছিল না। তাদের পানি আগুন পর্যন্ত পৌঁছতেই পারেনি। এজন্য দমকল কর্মী ও প্রত্যক্ষদর্শীরা মইয়ের আকৃতিকেই দায়ী করেছেন। রাজধানীতে অসংখ্য বহুতল ভবন গড়ে উঠলেও মাত্র ১৪ তলার বেশি ওপরের আগুন নেভানোর উপকরণ এখনো দমকল বিভাগের নেই। এছাড়া ভবনটিতে অগ্নি নির্বাপণের কিছু নিজস্ব ব্যবস্থা থাকলেও তা সম্ভবত এত উঁচু ভবনের জন্য যথাযথ ছিল না। দমকল বিভাগের এক কর্মী ওপর থেকে নেমে আসার পর সাংবাদিকদের বলেন, তারা বসুন্ধরার হাইড্র্যান্টে পানির চাপ পেয়েছেন খুই কম। বিকেল সাড়ে ৩টার দিকে বসুন্ধরা টাওয়ারের ওপরের তলাগুলো যখন দাউদাউ করে জ্বলছে তখন দমকলের স্কাই লিফট (লম্বা মইয়ের মতো যন্ত্র) স্থাপন করে পানি দেওয়ার চেষ্টা করা হয়। স্কাই লিফটের গাড়িটি তখন ছিল রাস্তায়। সেখান থেকে ছোড়া পানি সুউচ্চ টাওয়ারটি স্পর্শই করতে পারছিল না। এরপর আবার মই নামিয়ে বন্ধ করে গাড়িটি বসুন্ধরা সিটির কম্পাউন্ডের ভেতরে নিয়ে যাওয়া হয়। সেখানে আবারও স্কাই লিফট দিয়ে ওপরে উঠতে উঠতে কেটে যায় আধঘণ্টা। তারপরও লিফট থেকে পানির তোড় ১৮ তলা পর্যন্ত পৌঁছাতে পারছিল না। আগুন বসুন্ধরা ভবনের পেছনের দিকে ছড়িয়ে পড়লে আট তলার ছাদ থেকে পানি দেওয়ার চেষ্টা করে দমকল কর্মীরা। কিন্তু তাদের ছোঁড়া পানিও ১৭ তলা পর্যন্ত পৌঁছাচ্ছিল না। ঘটনাস্থল পরিদর্শনের সময় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ সাংবাদিকদের বলেন, "যেদেশে দমকল বাহিনীর এতবড় ভবনে আগুন নেভানোর ক্ষমতা নেই সেখানে এতবড় ভবন বানানোর অনুমতি দেওয়ার বিষয়টি তদন্ত করে দেখা দরকার।" ২০০৭ সালের ২৬ ফেব্র"য়ারি কাওরান বাজারের বিএসইসি ভবনে আগুন লেগে পুড়ে যায় বেসরকারি টেলিভিশন এনটিভি, আরটিভি ও আমার দেশ পত্রিকাসহ ১০টি প্রতিষ্ঠানের অফিস। তখনও আটকে পড়াদের উদ্ধার ছাড়া আগুন নিয়ন্ত্রণে তারা খুব বেশি ভূমিকা রাখতে পারেননি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/এসকে/২১৩৩ঘ.