রাজশাহী, মার্চ ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-রাজশাহী বিশ্ববিদ্যায়ে অব্যাহত সংঘর্ষের ঘটনায় জামায়াতে ইসলামী সমর্থক ইসলামী ছাত্র শিবিরের বিশ্ববিদ্যালয় শাখার সাধারন সম্পাদক শরীফুজ্জামান নোমানী নিহত হয়েছেন। (আরো তথ্যসহ-২)
ছাত্রলীগ ও ছাত্র শিবিরের মধ্যে সংঘর্ষে নোমানী মারা যান বলে রাজশাহী মহানগর রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।
এর আগে ছাত্র শিবিরের পাঁচশ থেকে সাতশ কর্মী শুক্রবার রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস পুরো দখল করে নিয়েছে বলে অভিযোগ করে সরকার সমর্থক ছাত্রলীগ।
শিবির কর্মীরা হলের তালা ভেঙ্গে ছাত্রলীগ কর্মীদের কক্ষ ভাঙচুর করেছে বলেও অভিযোগ করেছে তারা।
এদিকে বঙ্গবন্ধু শেখ মুজিব হলের পাশ দিয়ে কয়েকজন সাংবাদিক যাওয়ার সময় হলের চারতলা থেকে শিবির কর্মীরা ইট পাটিকেল নিক্ষেপ করে। এতে দুই সাংবাদিক সামান্য আহত হন।
ক্যাম্পাস দখলে নিয়ে সাংবাদিকদেরও বের করে দিয়েছে তারা ।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শুক্রবার সকালে জামায়াতে ইসলামী সমর্থক ইসলামী ছাত্র শিবির কর্মীদের সঙ্গে সরকার সমর্থক ছাত্রলীগ ও স্থানীয় ব্যবসায়ীদের সংঘর্ষে পুলিশ সহ ৮/১০ জন আহত হয়।
এর আগে বৃহস্পতিবার রাতে পুলিশ বিশ্ববিদ্যালয়ের হলে হলে তল্লাশি চালিয়ে ৬৮ জন শিবির কর্মীকে গ্রেপ্তার করে।
সকালের ঘটনার পর থেকে ঢাকা-রাজশাহী মহাসড়ক বন্ধ রয়েছে।
মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম খান সকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ছাত্রলীগের নেতাকর্মীর ওপর হামলা, তাদের কক্ষ লুটপাট, ভাঙচুর ও বিস্ফোরক দ্রব্য ব্যবহারের অভিযোগে বৃহস্পতিবার রাতে ছাত্রলীগের বিশ্ববদ্যিালয় শাখার সভাপতি ইব্রাহিম হোসেন মুন বাদী হয়ে ১৬৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত চারশ থেকে পাঁচশ জন শিবির কর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করেন।"
পুলিশ জানায়, এদের মধ্যে মহানগর জামায়াত নেতা এমাজউদ্দীন মণ্ডল, শিবিরের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি দোলোয়ার হোসেন সাঈদী এবং সাধারন সম্পাদক শরীফুজ্জামান নোমানীর নাম রয়েছে।
বুধবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবিরের হামলায় ছাত্রলীগ নেতাকর্মী আহত হওয়ার পর মামলাটি করা হয়।
মামলার সুত্র ধরে বৃহস্পতিবার রাত দুটা থেকে ভোর সাড়ে পাঁচটা পর্যন্ত পুলিশ বিশ্ববিদ্যালয়ের মাদার বক্স, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, শহীদ শামসুজ্জোহা, শেরে বাংলা এ কে ফজলুল হক, নওয়াব আব্দুল লতিফ ও বঙ্গবন্ধু শেখ মুজিব হল এবং পার্শ্ববর্তী মেহেরচণ্ডী এলাকার গোধুলী ছাত্রাবাস ও বিনোদপুর ওয়েলফেয়ার ফাউন্ডেশনে তল্লাশি চালিয়ে ৬৮ জন শিবির কর্মীকে আটক করে।
তল্লাশির পরপরই শহীদ সোহরাওয়ার্দী এবং শহীদ শামসুজ্জোহা হলের শিবির কর্মীরা ছাত্রলীগ কর্মীদের ওপর হামলা চালালে ৬/৭ জন ছাত্রলীগ কর্মী আহত হয়। এ ঘটনার পরপরই এ ছয়টি হলে তালা লাগিয়ে দেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
শুক্রবার সকাল নয়টার দিকে বিনোদপুর এলাকার এক ব্যবসায়ীর উপর হামলা চালানোর পর ব্যবসায়ী ও ছাত্রলীগ কর্মীরা মিলে ছাত্র শিবির কর্মীদের ওপর হামলা চালায়।
এতে পুলিশ কনস্টেবল মহিরুল সহ ৮/১০জন আহত হয়েছে। আহতদের মধ্যে রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক লীগের সদস্য ও ব্যবসায়ী রবির অবস্থা আশঙ্কাজনক।
পরে বিশ্ববিদ্যালয়ের স্টেশন বাজারে ছাত্রলীগ ও ছাত্র শিবিরের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে পুলিশ ও র্যাব মোতায়েন করা হয়েছে।
আহতদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল এবং বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে ভর্তি করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসি/এফএফ/জিএনএ/১২৫৬ ঘ.
bdnews24