চট্টগ্রাম, মার্চ ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)---বিপজ্জনক সরঞ্জাম, বিস্ফোরক কিংবা সন্দেহজনক চালানের সন্ধানে চট্টগ্রাম বন্দরে কন্টেইনার তল্লাশী অব্যাহত রয়েছে।
বৃহস্পতিবার রাত সাড়ে ১০টা পর্যন্ত ১৯০টি কন্টেইনার তল্লাশী করে অবৈধ কোন চালানের খোঁজ পাওয়া যায়নি। দুটি জাহাজে আমদানী করা এক হাজার ১২৬টি কন্টেইনার তল্লাশী শেষ করতে আরও কয়েকদিন লেগে যেতে পারে বলে সংশ্লিষ্ট বন্দর ও শুল্ক কর্মকর্তারা জানিয়েছেন।
বন্দর ও শুল্ক কর্মকর্তারা জানান, বন্দরের ভ্রাম্যমাণ স্ক্যানারের মাধ্যমে পিআইএল শিপিং লাইনের এ দুটি জাহাজের কন্টেইনার তল্লাশী চলছে। তল্লাশী শেষে সর্ম্পর্ণ নিশ্চিত হওয়ার পরই শুধুমাত্র আমদানীকারকদের কাছে কন্টেইনার সরবরাহ দেওয়া হচ্ছে।
বৃহস্পতিবার বিকেলে বন্দর চেয়ারম্যান কমোডোর আর ইউ আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, স্ক্যানিংয়ের সময় সন্দেহ থাকায় আরও নিশ্চিত হতে তিনটি কন্টেইনার কায়িক পরীক্ষার জন্য আলাদা করে রাখা হয়েছে। তবে এখন পর্যন্ত বিস্ফোরক কিংবা বড় ধরনের অন্য কোন অবৈধ চালানের সন্ধাণ মেলেনি।
বন্দর ও শুল্ক কর্মকর্তারা জানান, ইতিমধ্যে 'এমভি কোটা হারটা' জাহাজটি কন্টেইনার খালাস শেষে বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় বন্দর ত্যাগ করেছে। এ জাহাজে করে আনা ৬৭৬ টি কন্টেইনার বুধবার থেকে তল্লাশী শুরু হয়েছে।
অন্যদিকে, 'এমভি কোটা রাতু' নামের দ্বিতীয় জাহাজটি বৃহস্পতিবার বেলা ১২টার দিকে বন্দরের এনসিটি জেটিতে ভিড়েছে। এ জাহাজের ৪৫০ কন্টেইনারও খালাসের পর একই প্রক্রিয়ায় তল্লাশী করা হবে। সন্ধ্যার পর থেকে এ জাহাজের কন্টেইনার খালাস শুরু হয়।
বন্দর চেয়ারম্যান জানান, গোয়েন্দা তথ্য অনুযায়ী পিআইএল শিপিং কোম্পানির দুটি জাহাজযোগে আনা কন্টেইনারের মধ্যে অবৈধ সরঞ্জাম কিংবা নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ পণ্যসামগ্রী থাকতে পারে সন্দেহে বুধবার বন্দর কর্তৃপক্ষকে সতর্ক করা হয়। এরপরই জাহাজ দুটির সব কন্টেইনার একই প্রক্রিয়ায় বন্দর ও শুল্ক বিভাগের যৌথ তদারকিতে তল্লাশীর মাধ্যমে ছাড় করানোর জন্য নির্দেশ দেওয়া হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএআর/এসকে/২৩১২ঘ.
bdnews24