২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্বাধীন বিচার বিভাগ আইন পাসে প্রস্তুত সংসদ

সংসদে বিচার বিভাগ পৃথককরণ সংক্রান্ত তত্ত্বাবধায়ক সরকারের সময়ের দুটি আইন পাসে এখন আর কোনো বাধা নেই। আইন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি ফৌজদারি কার্যবিধি (সংশোধন ) বিল ২০০৭ এবং ফৌজদারি কার্যবিধি (দ্বিতীয় সংশোধন ) বিল ২০০৭ এর বিষয়ে তাদের রিপোর্ট চূড়ান্ত করেছে।(আরো তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Mar 2009, 05:09 PM

Updated : 26 Aug 2022, 11:10 AM

ঢাকা, মার্চ ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংসদে বিচার বিভাগ পৃথককরণ সংক্রান্ত তত্ত্বাবধায়ক সরকারের সময়ের দুটি আইন পাসে এখন আর কোনো বাধা নেই। আইন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি ফৌজদারি কার্যবিধি (সংশোধন ) বিল ২০০৭ এবং ফৌজদারি কার্যবিধি (দ্বিতীয় সংশোধন ) বিল ২০০৭ এর বিষয়ে তাদের রিপোর্ট চূড়ান্ত করেছে। নির্ধারিত সময়ে এ দুটি আইন সংসদে পাস না হওয়ায় হাইকোর্ট সরকারের কাছে বিলম্বের ব্যাখ্যা চাওয়ার একদিন পরই কমিটি তাদের রিপোর্ট চূড়ান্ত করলো। এই বিল দুটি সংসদে পাস বিলম্বিত হওয়ায় হাইকোর্ট বুধবার স্বত:প্রণোদিত এক আদেশে কর্মরত বিচারিক হাকিমদের আইনি কর্তৃত্বের ব্যাখ্যা দিতে সরকারকে ১৯ মার্চ পর্যন্ত সময় বেধে দেয়। কমিটির সভাপতি সুরঞ্জিত সেনগুপ্ত বৃহস্পতিবার রাতে সংসদ ভবনে দ্বিতীয় দফা বৈঠক শেষে সাংবাদিকদের বলেন, "আইন দুটির মূল কাঠামো বজায় রেখে আমরা আমাদের সুপারিশ চূড়ান্ত করেছি।" সুরঞ্জিত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমি স্থায়ী কমিটির সুপারিশ আগামী ১৫ মার্চ সংসদে উপস্থাপন করবো। আশা করছি চলতি অধিবেশনেই বিলটি পাশ হবে।" তিনি বলেন, কমিটি নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগকে পৃথককরণে সরকারের নীতিকে সমুন্নত রেখেছে। বিচার করার সামগ্রিক কর্তৃত্ব বিচার বিভাগের। আর প্রশাসনের দায়িত্ব হচ্ছে আইন-শৃঙ্খলা বজায় রাখা। "তাই আমরা একইসঙ্গে একটি স্বাধীন বিচারবিভাগ ও একটি গতিশীল প্রশাসন নিশ্চিতের লক্ষ্যে সর্বসম্মত সুপারিশ পেশ করেছি।" কমিটির সদস্য রহমত আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এমনভাবে সুপারিশ করা হয়েছে যাতে বিচার বিভাগ এবং নির্বাহী বিভাগ সংঘাতে জড়িয়ে না পড়ে। এর আগে আইনমন্ত্রী শফিক আহমেদ বলেছিলেন, "আশা করছি আগামী এক সপ্তাহের মধ্যে এই বিলটি আইন আকারে পাস করা হবে। এ নিয়ে সন্দেহ বা দ্বিমত পোষণের কোন সুযোগ নেই। "ফৌজদারি কার্যবিধি সংশোধনী সংক্রান্ত অধ্যাদেশটি সরকার আইন আকারে পাস করারও সিদ্ধান্ত নিয়েছে। এটি বর্তমানে সংসদীয় স্থায়ী কমিটিতে রয়েছে। তাদের মতামত পাওয়ার পরই তা আইন আকারে পাস করা হবে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/এসকে/এইচএ/০০২৫ঘ.