ঢাকা, মার্চ ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--সরকারের কোনো সংস্থার কাছে জবাবদিহিতার প্রয়োজন নেই বলে জানিয়ে নির্বাচন কমিশনের কর্মকর্তাদের স্বাধীনভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এটিএম শামসুল হুদা।
জাতীয় প্রেসক্লাবে বৃহস্পতিবার 'গণতন্ত্র, নির্বাচন ও সুশাসন' এবং 'স্থানীয় সরকার: অতীত, বর্তমান ও ভবিষ্যত' শীর্ষক দু'টি বইয়ের মোড়ক উম্মোচন অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।
সিইসি জানান, নির্বাচনকে আরো অর্থবহ করে তোলার জন্য কমিশনের নিজস্ব কর্মকর্তাদের নির্বাচনী কাজে সম্পৃক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এরই মধ্যে উপনির্বাচনে ইসির কর্মকর্তাদের রিটার্নিং অফিসার হিসেবে নিয়োগ করা হয়েছে।
কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, "ভয়ভীতির ঊর্ধ্বে উঠে স্বাধীনভাবে কাজ করতে হবে।"
সিইসি এসময় বলেন, শুধু নির্বাচন ও লোকবল নিয়োগের ব্যাপারে মাঝে মধ্যে রাষ্ট্রপতি ও পিএসসি'র সঙ্গে নির্বাচন কমিশনকে আলোচনা করতে হয়।
নাগরিক সমাজের দাবি-দাওয়া নিয়ে কমিশন প্রাথমিকভাবে কাজ শুরু করেছে বলে উল্লেখ করে সিইসি বলেন, "এসব দাবির অনেকগুলোই বর্তমান সরকার সংসদে আইন হিসেবে পাশ করেছে। এর মধ্যে রাজনৈতিক দলগুলোর নিবন্ধনও রয়েছে। তবে সরকার শুধু 'না' ভোটের বিধান বাতিল করেছে।"
তিনি বলেন, "ভারতে এ বিষয়ে একটি বিচার প্রক্রিয়া চলছে। সেখানে রায়ের পর আমরা বিষয়টি নিয়ে নতুন করে চিন্তা-ভাবনা করব।"
ড. বদিউল আলম মজুমদারের লেখা বই দু'টির প্রকাশনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টিআইবির ট্রাস্টি বোর্ডের সাবেক চেয়ারম্যান অধ্যাপক খান সারোয়ার মুরশিদ।
অনুষ্ঠানে আলোচনা করেন সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সভাপতি অধ্যাপক মোজাফফর আহমদ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আমিরুল ইসলাম চৌধুরী, মানবাধিকার নেত্রী ড. হামিদা হোসেন, ডেইলী স্টারের সম্পাদক মাহফুজ আনাম, আইনজীবী শাহদীন মালিক প্রমুখ।
ড. বদিউল আলম মজুমদার বলেন, "রাজনৈতিক অস্থিরতা দূর করার জন্য রাজনৈতিক পরিবর্তনের প্রয়োজন এখনো রয়েছে।"
শাহদীন মালিক বলেন, "শক্তিশালী স্থানীয় সরকার ব্যবস্থা গড়ে তোলা ছাড়া সামগ্রিক উন্নয়ন ও গণতন্ত্র টেকসই হতে পারে না।" গণতন্ত্রকে ঠিকিয়ে রাখার স্বার্থে সবাইকে একযোগে কাজ করারও আহবান জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/টিআর/এসকে/২২২৪ ঘ.
bdnews24