২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় চার সেনা কর্মকর্তার লাশ দাফন

পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় চার সেনা কর্মকর্তাকে বুধবার দাফন করা হয়েছে। তাদের মধ্যে দু'জন হেলিকপ্টার দুর্ঘটনা ও অন্য দু'জন বিডিআর বিদ্রোহে নিহত হন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Mar 2009, 03:50 PM

Updated : 26 Aug 2022, 11:10 AM

ঢাকা, মার্চ ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় চার সেনা কর্মকর্তাকে বুধবার দাফন করা হয়েছে। তাদের মধ্যে দু'জন হেলিকপ্টার দুর্ঘটনা ও অন্য দু'জন বিডিআর বিদ্রোহে নিহত হন। এর আগে বিকেল সাড়ে তিনটার দিকে আর্মি স্টেডিয়ামে প্রথমে নিহতদের জানাজা অনুষ্ঠিত হয়। পরে বনানীতে সেনা বাহিনীর কবরস্থানে তাদের দাফন করা হয়। তারা হলেন হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত যশোরে ৫৫ পদাতিক ডিভিশনের জেনারেল কমান্ডিং অফিসার (জিওসি) মেজর জেনারেল রফিকুল ইসলাম, হেলিকপ্টারের পাইলট লেফটেন্যান্ট কর্নেল মো. শহীদুল ইসলাম এবং বিডিআর বিদ্রোহের ঘটনায় নিহত সিলেট সেক্টর কমান্ডার কর্নেল গুলজার উদ্দিন আহমদ ও বিডিআর কর্মকর্তা লে. কর্নেল মঞ্জুর-এ-এলাহী। এর আগে নিহতদের কফিনে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং তিন বাহিনীর প্রধানের পক্ষ থেকে পুস্পস্তবক অর্পণ করা হয়। জানাজা ও দাফনে শরিক হন সেনা বাহিনী প্রধান মইন উ আহমেদ, বিমানবাহিনী প্রধান জিয়াউর রহমান এবং নৌ-বাহিনী প্রধান জেড ইউ আহম্মেদসহ মন্ত্রিপরিষদের সদস্য, রাজনীতিক, বর্তমান এবং সাবেক শীর্ষ সেনা কর্মকর্তা এবং বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। দাফনের সময় নিহতদের পরিবারের সদস্যরা কান্নায় ভেঙ্গে পড়লে সেখানে হৃদয় বিদারক দৃশ্যের সৃষ্টি হয়। টাঙ্গাইলে কালিহাতী উপজেলার রৌহাতে সোমবার সকালে সেনাবাহিনীর একটি হেলিকপ্টার বিধ্বস্ত হলে মেজর জেনারেল রফিকুল ইসলাম এবং লেফটেন্যান্ট কর্নেল মো. শহীদুল ইসলাম নিহত হন। আহত হন হেলিকপ্টারের কো-পাইলট মেজর সাইফ। আগের দিন মঙ্গলবার ডিএনএ পরীক্ষার মাধ্যমে বিডিআরের সিলেট সেক্টর কমান্ডার কর্নেল গুলজার উদ্দিন আহমদ এবং লে. কর্নেল মঞ্জুর-এ-এলাহীর লাশ সনাক্ত করা হয়। ২৫ ও ২৬ ফেব্র"য়ারি বিডিআর বিদ্রোহে তারা নিহত হন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এএনএস/টিআর/২১৪৯ঘ.