ঢাকা, মার্চ ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা মহানগরীতে পানি সঙ্কট সমাধানে পাম্প স্থাপনের বিষয়ে সংশ্লিষ্টদের নিয়ে একটি কমিটি গঠন করা হবে।
রাজধানীর চলমান পানি সমস্যা নিয়ে বুধবার স্থানীয় সরকার মন্ত্রণালয়ে আয়োজিত এক বৈঠকে স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম একথা জানিয়েছেন ।
বৈঠকে মন্ত্রী বলেন, পূর্ত, স্থানীয় সরকার, ভূমি মন্ত্রণালয়, রাজউক, ওয়াসা ও ঢাকা সিটি কর্পোরেশনসহ সংশ্লিষ্টদের নিয়ে গঠিত কমিটি পাম্পের জন্য জমি খুঁজে বের করার পাশাপাশি স্থান চূড়ান্ত করবে।
এদিকে ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক রায়হানুল আবেদীন বলেছেন, স্থানীয় সাংসদরা জমির ব্যবস্থা করলে সাতদিনের মধ্যেই সেখানে পাম্প স্থাপনের উদ্যোগ নেওয়া হবে।
মহানগর এবং নারায়ণগঞ্জের ক্ষমতাসীন দলের সাংসদরা বৈঠকে আশঙ্কা প্রকাশ করেন যে, পানি সঙ্কটের সমাধান করতে না পারলে নগরবাসী আন্দোলনমূখর হয়ে উঠতে পারে।
গরমের মৌসুম শুরু হতে না হতেই ইতিমধ্যেই ঘাটতি পানি সরবরাহের এ মহানগরীর বিভিন্নস্থানে পানির জন্য কার্যত হাহাকার শুরু হয়ে গেছে।
সৈয়দ আশরাফ সঙ্কট সমাধানে ঢাকার সংসদদের প্রতি সমন্বয়কের ভূমিকা পালনের আহ্বান জানিয়ে বলেন, এজন্য নির্বাহী আদেশের মাধ্যমে সাংসদদের সমন্বয়কের দায়িত্ব দেওয়া হবে। আগামী সাতদিনের মধ্যেই এ আদেশ জারি করা হবে।
সৈয়দ আশরাফের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, সচিব শেখ খুরশীদ আলম, অতিরিক্ত সচিব ড. কামাল আব্দুল নাসের চৌধুরী, ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক রায়হানুল আবেদীন উপস্থিত ছিলেন।
ঢাকা-১৫ আসনের সাংসদ কামাল আহমেদ মজুমদার বলেন, তার নির্বাচনী এলাকা ঢাকা-১৫-তে বর্তমানে মাত্র ২৯টি পাম্প রয়েছে। আবার এর মধ্যে ২৩টিতেই বিকল্প জেনারেটরের ব্যবস্থা নেই। নতুন করে কোন পাম্পও স্থাপন করা হয়নি।
তিনি সেনপাড়া পর্বতা এলাকায় পানির দাবিতে আন্দোলনের কথা উল্লেখ করে বলেন, সেনপাড়ায় একটি মাত্র পাম্প রয়েছে। সেটিতে পানির উৎপাদন সাড়ে তিন হাজার লিটার থেকে মাত্র ৮০০ লিটারে নেমে এসেছে। এখানে নতুন পাম্প স্থাপন ও পুরাতনটির সংস্কার করা দরকার।
ঢাকা-১৪ আসনের সাংসদ আসলামুল হক মীরপুর এলাকায় পানি সরবরাহের গাড়ির স্বল্পতার কথা তুলে ধরে এর সংখ্যা বাড়ানোর আহবান জানান। তিনি বলেন, জরুরি ভিত্তিতে তার এলাকায় আরো ২৫টি গাড়ি দেওয়া প্রয়োজন। অন্যথায় এলাকায় পানি সরবরাহ নিশ্চিত করা সম্ভব হবে না।
তিনি পানির পাম্প স্থাপনের ক্ষেত্রে সরকারকে আরো সতর্ক হওয়ার আহ্বান জানিয়ে বলেন, পাম্পগুলো যথাযথভাবে পরীক্ষা-নিরীক্ষা না করে স্থাপন করায় আশানুরুপ পানি পাওয়া যায় না।
ঢাকা-১৬ আসনের সাংসদ ইলিয়াস উদ্দিন মোল্লা অভিযোগ করেন, জমি থাকার পরও ফাইল চালাচালি ও পড়ে থাকার কারণে তার নির্বাচনী এলাকায় পাম্প স্থাপন করা সম্ভব হচ্ছে না। তিনি প্রয়োজনে তার নিজের বাড়ি কিংবা জমিতে পাম্প স্থাপনের উদ্যোগ নেওয়ার জন্য ওয়াসা ও সংশ্লিষ্ট মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন।
ঢাকা-৬ আসনের সাংসদ মিজানুর রহমান খান দীপু বলেন, তার নির্বাচনী এলাকায় পানির তীব্র সংকট চলছে। এতে স্থানীয় লোকজনের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে এবং এই ক্ষোভ একপর্যায়ে আন্দোলনে রূপ নিতে পারে। তার নির্বাচনী এলাকায় দ্রুত পাম্প স্থাপন ও জেনারেটর সরবরাহের মাধ্যমে পানি সরবরাহ নিশ্চিত করারও আহ্বান জানান তিনি।
ঢাকা-১০ আসনের সাংসদ একেএম রহমত উল্লাহ মত দেন, ঢাকা শহরে জমির দাম অনেক। তাই জমি ওয়াসাকে হস্তান্তরের প্রয়োজন নেই। সাংসদরা যেখানে পাম্প স্থাপনের সুপারিশ করবেন, সেখানেই ওয়াসার পাম্প স্থাপন করা উচিত।
ঢাকা-১২ আসনের সাংসদ শেখ ফজলে নূর তাপস ঢাকা মহানগরীর জন্য পাঁচ বছর মেয়াদী পানির চাহিদা নির্ধারণ এবং এর সমাধানে ব্যবস্থা নেয়ার জন্য ওয়াসা ও মন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানান।
ঢাকা-৪ আসনের সাংসদ সানজিদা খানম তার এলাকার জলাবদ্ধতা নিয়ে অভিযোগ করেন। এছাড়া তার এলাকায় দুর্গন্ধযুক্ত পানি সরবরাহ করা হচ্ছে বলে অভিযোগ করে তিনি বলেন, লোকজন এই পানি খেতে পারছে না।
সাংসদদের অভিযোগের পরিপ্রেক্ষিতে ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক রায়হানুল আবেদীন জানান, মহানগরীতে স্থানের অভাবে পাম্প স্থাপন করা সম্ভব হচ্ছে না। এছাড়া গত তিন মাসে পানির স্তর অনেক নিচে নেমে গেছে। ফলে পানি উৎপাদন ব্যাহত হচ্ছে। এছাড়া বিদ্যুতের কারণে অনেক এলাকায় পানি উৎপাদন বাড়ানো সম্ভব হচ্ছে না। এই পরিস্থিতি মোকাবিলায় ভ্রাম্যমাণ ও স্থায়ীভাবে ব্যবহারের জন্য আরো ২০০ জেনারেটর আমদানির উদ্যোগ নেওয়া হয়েছে।
ওয়াসা কর্মকর্তা জানান, সাতদিনের মধ্যেই পাম্প স্থাপন সম্ভব হলে স্থানীয়ভাবে পানির সঙ্কট কিছুটা হলেও কমবে। এছাড়া সরকার প্রায় ২০০ মিলিয়ন ডলার ব্যয়ে পুরোনো পাইপ লাইন পুনঃস্থাপনের প্রকল্প হাতে নিয়েছে। দ্রুতই এসব লাইন সংস্কার করা হবে।
স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফ ওয়াসাসহ ঢাকার সেবাদানকারী সংস্থাগুলোর প্রতি সমন্বয়ের মাধ্যমে কাজ করার জন্য সাংসদদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, অতীতের মতো এবারো সরকার ঢাকার সাংসদদের বিভিন্ন কর্মকান্ডে সমন্বয়ের দায়িত্ব দেওয়ার কথা ভাবছে। এবার সাংসদদের শিক্ষা, বিদ্যুৎ, পানি, উন্নয়ন এবং আইন-শৃঙ্খলা রক্ষার কাজে সমন্বয়ের দায়িত্ব দেওয়া হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/টিআর/এসকে/২১১৪ঘ.
bdnews24