ঢাকা, মার্চ ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বৈশ্বিক অর্থনৈতিক মন্দার কারণে মালয়েশিয়া এ মুহূর্তে বাংলাদেশ থেকে আর কোন শ্রমিক নেবে না বলে জানিয়েছে।
শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বুধবার এ তথ্য জানিয়েছেন।
সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ের কার্যালয়ে বুধবার মন্ত্রী সাংবাদিকদের বলেন, "বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দার কারণে মালয়েশিয়া এ মুহূর্তে বাংলাদেশ থেকে আর কোন শ্রমিক নেবে না বলে জানিয়েছে। এ মুহূর্তে ৫৫ হাজার বাংলাদেশি শ্রমিক নেওয়ার কথা থাকলেও তারা তা বাতিল করেছে।"
এর আগে খন্দকার মোশাররফ হোসেন তার কার্যালয়ে মালয়েশিয়ায় শ্রমিক রপ্তানি বন্ধ হওয়ার বিষয়ে মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তাদের নিয়ে বৈঠক করেন।
তিনি জানান, মঙ্গলবার মালয়েশিয়া সরকার বাংলাদেশ থেকে আর কোন শ্রমিক না নেওয়ার বিষয়টি নিশ্চিত করে। শুধু মালয়েশিয়া নয়, গোটা বিশ্বেই বর্তমানে অর্থনৈতিক মন্দা চলছে। ফলে সবখানেই শ্রমিক নেওয়া বন্ধ হয়ে গেছে। বর্তমানে গোটা বিশ্বেই শ্রম-বাজার সংকুচিত হয়ে এসেছে।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী বলেন, "মালয়েশিয়ায় যেসব শ্রমিক নানা-কারণে আটকা পড়ে আছে তাদের ব্যাপারে সরকারের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয়েছে।"
তিনি বলেন, এসব শ্রমিককে দেশে ফেরত পাঠানো ঠেকাতে সরকার কূটনৈতিক তৎপরতা শুরু করেছে। যাতে তাদের দেশে ফেরত না পাঠিয়ে বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করা যায়। এজন্য সরকারের পক্ষ থেকে সর্বাত্মক চেষ্টা চালানো হচ্ছে।
মালয়েশিয়ায় শ্রমিক রপ্তানি বন্ধ এবং বিদেশ থেকে শ্রমিকদের দেশে ফিরে আসা, বৈদেশিক মুদ্রা আয়ের পথে হুমকির সৃষ্টি করবে কিনা জানতে চাইলে মন্ত্রী বলেন, আমরা এখনো এটাকে হুমকি হিসেবে দেখছি না। তবে এ আশংকাকে উড়িয়ে দেওয়াও যায়না। কারণ বিদেশে শ্রমিক রপ্তানি করা না গেলে বা তারা দেশে ফিরে আসলে বৈদেশিক মুদ্রা আয় কমবেই।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এইচএ/১৯৩৭ঘ.
bdnews24