জবি, মার্চ ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পরীক্ষা দিতে এসে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কর্মীদের হামলায় বুধবার তিন ছাত্রদল কর্মী আহত হয়েছে। ঘটনা খতিয়ে দেখার জন্য শিগিগিরই একটি তদন্ত কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপচার্য।
আহত ছাত্রদল কর্মী রাজিব রহমান, আতিকুল ইসলাম ও রোকনুজ্জামানকে কাছাকাছি সুমনা ক্লিনিকে ভর্তি করা হয়েছে। তিনজনই ভূগোল বিভাগের ৪র্থ সেমিস্টারের ছাত্র।
এনিয়ে টানা চার দিন ছাত্রলীগের কর্মীরা ছাত্রদলের ওপর হামলা চালালো।
এ ব্যাপারে ছাত্রদল জবি শাখার সভাপতি পারভেজ রেজা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "প্রতিদিন ছাত্রলীগ আমাদের কর্মীদের মারছে। কিন্তু প্রশাসন কেন পদক্ষেপ নিচ্ছে না। এতে আমি বিস্মিত।"
প্রত্যক্ষদর্শীরা জানান, সেমিস্টার পরীক্ষা দেওয়ার জন্য রাজিব, আতিক ও রোকন বেলা ১১টায় ভূগোল বিভাগের সামনে এলে ছাত্রলীগের কিছু কর্মী লাঠি ও ক্রিেেকটের স্ট্যাম্প দিয়ে তাদের মারধর করে। পরে কয়েকজন শিক্ষার্থী তাদের উদ্ধার করে ক্লিনিকে নিয়ে যায়।
জবি ছাত্রলীগের সভাপতি কামরুল হাসান রিপন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমি ঘটনার কথা শুনেছি। ওরা ছাত্রলীগের কর্মী হয়ে থাকলেও প্রশাসন যে ব্যবস্থা নেবে আমরা তাতে সহায়তা দেবো।"
বিশ্ববিদ্যালয়ের উপচার্য ড. মেজবাহ উদ্দিন আহমেদ সাংবাদিকদের জানান, তদন্ত কমিটির রিপোর্টের ভিত্তিতে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
তদন্ত কমিটি গঠন ও কবে নাগাদ রিপোর্ট পেশ করা হবে সে ব্যাপারে তিনি বলেন, "খুব শিগগিরই তদন্ত কমিটি গঠন করা হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/টিআর/১৭২৮ ঘ.
bdnews24