ঢাকা, মার্চ ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চাঁপাইনবাবগঞ্জ ও চাঁদপুর থেকে মঙ্গলবার ৬৯১ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে গ্রেপ্তার করা হয় দু'জনকে। আটক করা হয়েছে একটি ইঞ্জিনচালিত নৌকা।
চাঁপাইনবাবগঞ্জ: শিবগঞ্জ উপজেলার ধোবড়া এলাকা থেকে ৪৯৮ বোতল ফেন্সিডিলসহ দু'জনকে গ্রেপ্তার করেছে র্যাব।
তারা হলো শিবগঞ্জের শাহবাজপুর ইউনিয়নের বালিয়াদিঘী গ্রামের আখতারুল ইসলাম (২৬) ও কানসাট ইউনিয়নের বিশ্বনাথপুর গ্রামের মিজানুর রহমান (২৫)।
শিবগঞ্জ থানার সহকারী উপ-পরিদর্শক রাফায়েত আলম জানান, আটক দু'জনকে র্যাব সদস্যরা থানায় সোপর্দ করেছে।
চাঁদপুর: চাঁদপুরের মতলব উত্তর উপজেলার বেলতলি লঞ্চঘাট এলাকায় মেঘনা নদী থেকে ১৯৩ বোতল ফেন্সিডিলসহ একটি ইঞ্জিনচালিত নৌকা আটক করেছে পুলিশ।
মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ মাহবুবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আটক ফেন্সিডিলের মালিক কুমিল্লার দাউদকান্দি এলাকার শাহপরান নামের এক মাদক ব্যবসায়ী।
তবে কাউকে আটক করা সম্ভব হয়নি বলে তিনি জানান।
এ দু'টি ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এএনএস/টিআর/২৩০০ঘ.
bdnews24