২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বকেয়া বেতনের দাবিতে চট্টগ্রামে গার্মেন্টস শ্রমিকদের সড়ক অবরোধ

বকেয়া বেতনের দাবিতে একটি তৈরি পোশাক কারখানার কয়েক শ শ্রমিক প্রায় এক ঘন্টা নগরীর একে খান সড়ক অবরোধ করে। এসময় বিক্ষুব্ধ শ্রমিকরা কারখানাও ভাংচুর করে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Mar 2009, 05:46 PM

Updated : 26 Aug 2022, 11:09 AM

চট্টগ্রাম, মার্চ ০৯(বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--- বকেয়া বেতনের দাবিতে একটি তৈরি পোশাক কারখানার কয়েক শ শ্রমিক প্রায় এক ঘন্টা নগরীর একে খান সড়ক অবরোধ করে। এসময় বিক্ষুব্ধ শ্রমিকরা কারখানাও ভাংচুর করে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার সকালে একে খান মোড়ে অবস্থিত আজম নিটিং কারখানার শ্রমিকরা কাজে যোগ দিতে এসে জানতে পারে প্রতিষ্ঠানটি বন্ধ করে দেওয়া হয়েছে। এ খবরে শ্রমিকরা উত্তেজিত হয়ে জোর করে কারখানায় ঢুকে ভাংচুর চালায়। পরে সকাল নয়টার দিকে কয়েক শ শ্রমিক একে খান মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করে এবং রাস্তা অবরোধ করে। এতে চট্টগ্রাম নগরী থেকে মহাসড়কে বের হওয়ার এ রাস্তায় দীর্ঘ যানজট লেগে যায়। পরে পুলিশ এসে সকাল দশটার দিকে শ্রমিকদের রাস্তা থেকে হটিয়ে দেয়। তৈরি পোশাক কারখানা মালিক ও রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএ'র সচিব মাঈনুদ্দীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আনোয়ারুল হাকিম আরজুর মালিকানাধীন এ কারখানাটির মালিকানা পরিবর্তনের কাজ চলছে। এজন্য সাময়িকভাবে সোমবার থেকে এটি চারদিনের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছিল কর্তৃপক্ষ। এ খবরে শ্রমিকরা উত্তেজিত হয়ে রাস্তায় নেমে আসে। তিনি জানান, রোববার শ্রমিকদের এক মাসের বকেয়া বেতনও দেওয়া হয়েছে। পাহাড়তলী থানার দায়িত্বরত উপ পরিদর্শক মাসুদ আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বকেয়া বেতন পরিশোধ এবং কারখানা চালু রাখার আশ্বাস দেওয়া হলে শ্রমিকরা অবরোধ তুলে নেয়। উপ পরিদর্শক জানান, পরে মালিক, বিজিএমইএ এবং শ্রমিক প্রতিনিধিদের এক যৌথ আলোচনা সভায় ১৩ তারিখের মধ্যে বেতন পরিশোধ এবং মালিকানা হস্তান্তরের বিষয়টি সমাধানের মাধ্যমে কারখানা চালু রাখার সিদ্ধান্ত হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/আরএআর/এসকে/২৩৩৮ঘ.