২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মার্কিন অর্থায়নে খুলনা বিভাগে নয়টি ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্রের কাজ শুরু হচ্ছে

যুক্তরাষ্ট্র সরকারের অর্থায়নে ঘূর্ণিঝড় সিডর আক্রান্ত খুলনা বিভাগে নয়টি নতুন বহুমুখী আশ্রয়কেন্দ্রের কাজ এ সপ্তাহেই শুরু হতে যাচ্ছে। সোমবার মার্কিন দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Mar 2009, 05:17 PM

Updated : 26 Aug 2022, 11:09 AM

ঢাকা, মার্চ ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুক্তরাষ্ট্র সরকারের অর্থায়নে ঘূর্ণিঝড় সিডর আক্রান্ত খুলনা বিভাগে নয়টি নতুন বহুমুখী আশ্রয়কেন্দ্রের কাজ এ সপ্তাহেই শুরু হতে যাচ্ছে। সোমবার মার্কিন দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে। এ আশ্রয়কেন্দ্রগুলো হচ্ছে- বাগেরহাট জেলার খলিশাখালী, সুলতাপুর, নোনা ডোঙ্গা, মহিশচারনী, বেতখাশী, শাখারিয়াতোরো শহিদ স্মৃতি, পশ্চিম মল্লিকেরবার, শ্রীফলতলা দক্ষিণপাড়া এবং বাইকোতমারি প্রাথমিক বিদ্যালয়। সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, এই নয়টি আশ্রয়কেন্দ্র মার্কিন প্যাসিফিক কমান্ডের মাধ্যমে নির্মিতব্য ২৪টি বহুমুখী ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্রের অন্তর্ভূক্ত। জরুরি প্রয়োজনের সময় ছাড়া এই বহুমুখী কেন্দ্রগুলো বিদ্যালয় হিসেবে ব্যবহৃত হবে। এই নয়টি আশ্রয়কেন্দ্রসহ সিডর আক্রান্ত খুলনা ও বরিশালে মোট ১৩টি বহুমুখী ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্রের নির্মাণকাজ চলছে। এ মানবিক সহায়তা প্রকল্পগুলো ২০০৮ সালে যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশ সরকারের মধ্যে স্বাক্ষরিত ৪৩ লাখ ডলার ব্যয়ে বহুমুখী ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র এবং সেতু নির্মাণকাজের জন্য করা চুক্তির আওতাধীন। সিডরের পর যুক্তরাষ্ট্র সরকার ইউএসএআইডি'র মাধ্যমে তিন কোটি ডলার জরুরি খাদ্য সহায়তা হিসেবে এবং ৬৫ লাখ ডলার খাদ্য বহির্ভূত জরুরি ত্রাণ কর্মসূচির জন্য বাংলাদেশকে দেয়। বাংলাদেশের স্বাধীনতার পর থেকে উন্নয়ন সহায়তা হিসেবে যুক্তরাষ্ট্র সরকার এ পর্যন্ত পাঁচ শ' কোটি ডলারেরও বেশি দিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/এসকে/২৩১৬ঘ.