ঢাকা, মার্চ ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী জুনের মধ্যে ঢাকা সিটি করপোরেশন (ডিসিসি) এবং ডিসেম্বরের মধ্যে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন করার কথা ভাবছে নির্বাচন কমিশন।
সোমবার নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন তার কার্যালয়ে সাংবাদিকদের এ কথা জানান।
তিনি বলেন, "ঢাকা সিটি করপোরেশন নির্বাচন আইন না হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করছি। তবে প্রয়োজনীয় আইন প্রণীত হলে জুনের মধ্যে ডিসিসি নির্বাচন করে ফেলতে চাই।"
এর আগে প্রধান নির্বাচন কমিশনার এ টি এম শামসুল হুদা আগামী এপ্রিলে ডিসিসি নির্বাচন করার পরিকল্পনার কথা জানিয়েছিলেন। কিন্তু ডিসিসি নির্বাচন আইন প্রণয়ন পিছিয়ে পড়ায় এই নির্বাচনের সময়সূচিও পিছিয়ে যাচ্ছে।
২০০৭ সালের ২৪ মে ডিসিসি মেয়রের মেয়াদ উত্তীর্ণ হয়।
বিদ্যমান ভোটার তালিকায় ডিসিসি নির্বাচনের পরিকল্পনা থাকলেও হালনাগাদ করেই ইউপি নির্বাচন করা হবে বলে জানান সাখাওয়াত হোসেন।
তিনি বলেন, "সারা দেশে ভোটার তালিকা হালনাগাদ করে বছরের শেষ দিকে ইউনিয়ন পরিষদ নির্বাচন করা হবে।"
দেশে বর্তমানে প্রায় সাড়ে চার হাজার ইউনিয়ন পরিষদ রয়েছে। এর বেশিরভাগের নির্বাচন অনুষ্ঠানের মেয়াদ উত্তীর্ণ হয়েছে।
এদিকে, আগামী ২ এপ্রিল অনুষ্ঠিতব্য উপনির্বাচনে মন্ত্রী ও মন্ত্রী পর্যায়ের কাউকে না যাওয়ার অনুরোধ জানিয়েছে নির্বাচন কমিশন। ইতোমধ্যে এ বিষয়ে প্রধানমন্ত্রী ও স্পিকারকে চিঠি দিয়েছে তারা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/কিউএইচ/এএল/এসকে/২১২৩ঘ.
bdnews24