ঢাকা, মার্চ ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ রেলওয়েকে আকর্ষণীয় ও লাভজনক করতে এর আধুনিকায়ন করা দরকার বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী একথা বলেন বলে তার প্রেস সচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের জানান।
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সচিবালয়ে মন্ত্রিপরিষদ কক্ষে সকাল ১১টায় এ বৈঠক শুরু হয়।
বৈঠক শেষে দুপুরে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে আবুল কালাম আজাদ সাংবাদিকদের বলেন, "প্রধানমন্ত্রী রেলওয়ের আধুনিকায়নের ওপর গুরুত্বারোপ করেছেন। তিনি বলেছেন, পুরোনো অবকাঠামো দিয়ে রেলওয়েকে আকর্ষণীয় ও লাভজনক করা যাবে না। একে আকর্ষণীয় ও লাভজনক করতে হলে বাংলাদেশ রেলওয়ের সুযোগ সুবিধা আরো উন্নত করতে হবে।"
প্রেস সচিব বলেন, "বৈঠকে সার্ক কনভেনশন অন মিউচুয়াল অ্যাসিসট্যান্ট ইন ক্রিমিনাল ম্যাটার, পঞ্চদশ সার্ক শীর্ষ সম্মেলনে স্বাক্ষরিত চার্টার অব দ্য সার্ক ডেভেলপমেন্ট ফান্ড (এসডিএফ) সনদ এবং বাংলাদেশ সরকার কর্তৃক স্বাক্ষরিত ইন্টার গভর্নমেন্টাল এগ্রিমেন্ট অন দ্য ট্রান্স এশিয়ান রেলওয়ে নেটওয়ার্ক অনুমোদন দেওয়া হয়েছে।"
তিনি জানান, ইন্টার গভর্নমেন্টাল এগ্রিমেন্ট অন দ্য ট্রান্স এশিয়ান রেলওয়ে নেটওয়ার্ক বিষয়টি উত্থাপিত হলে শেখ হাসিনা বাংলাদেশ রেলওয়ের আধুনিকায়নের কথা বলেন।
'সার্ক কনভেনশন অন মিউচুয়াল অ্যাসিসট্যান্ট ইন ক্রিমিনাল মেটার' বিষয়ে প্রেস সচিব বলেন, "অপরাধ নিয়ন্ত্রণে সার্ক সদস্যভূক্ত দেশগুলোর মধ্যে আইনী সহায়তা বৃদ্ধিতে ভারত এ প্রস্তাব করেছিল। ২০০৮ এর সার্ক সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রীরা এতে স্বাক্ষর করেন।"
এসডিএফ সনদের বিষয়ে তিনি বলেন, "দারিদ্র বিমোচন, জীবনযাত্রার মানোন্নয়ন ও আঞ্চলিক সহায়তা বৃদ্ধিতে এ সনদ সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।"
বৈঠকে ভারত সরকার ঘোষিত ডিউটি ফ্রি ট্যারিফ প্রেফারেন্স (ডিএফটিপি)'র সুবিধা গ্রহণ এবং 'লেটার অব ইন্টেন্ট' স্বাক্ষরের প্রস্তাব উত্থাপিত হলে তা পরীক্ষা নিরীক্ষা করে আরো বিস্তারিতভাবে উত্থাপনের জন্য বলা হয়েছে বলেও তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এফএফ/এজে/জিএনএ/১৫১০ ঘ.
bdnews24