২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ক্যাপ্টেন হিমেলের মৃত্যুর ঘটনায় এখনো মামলা হয়নি

রাজধানীর ঈশা খাঁ হোটেলে সেনা কর্মকর্তা ক্যাপ্টেন রাজীবুল হক হিমেলের রহস্যজনক মৃত্যুর ঘটনায় রোববার রাত নয়টা পর্যন্ত কোন মামলা হয়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Mar 2009, 07:58 PM

Updated : 26 Aug 2022, 11:09 AM

ঢাকা, মার্চ ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর ঈশা খাঁ হোটেলে সেনা কর্মকর্তা ক্যাপ্টেন রাজীবুল হক হিমেলের রহস্যজনক মৃত্যুর ঘটনায় রোববার রাত নয়টা পর্যন্ত কোন মামলা হয়নি। রমনা থানার উপ-পরিদর্শক মফিজুল ইসলাম জানান, রাত নয়টা পর্যন্ত এ ঘটনায় কোন মামলা দায়ের করা হয়নি। অন্যদিকে হিমেলের মামা মাসুদ আলী মামলা না করার বিষয়ে জানান, পারিবারিকভাবে বসে আলোচনা করে তারপর মামলা করা হবে। রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকতা দৌলত আকবর বলেন, "হত্যা ও আত্মহত্যা উভয় বিষয় বিবেচনায় রেখেই তদন্ত হচ্ছে। তবে এখনো পরিবারের কেউ মামলা করতে না আসায় মামলা নেয়া সম্ভব হয়নি।" দৌলত আকবর আরো জানান, রোববার ঈশা খা হোটেলের কয়েকজন কর্মচারীকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। এছাড়া হিমেলের মোবাইলের কললিস্ট থেকে একজন মহিলার মোবাইল নম্বর পাওয়া গেছে। ঘটনার সময় ওই মহিলা হোটেলে ছিল বা তার আসার কথা ছিল বলে ধারণা করা হচ্ছে। তাকেও জিজ্ঞাসাবাদের তালিকায় রাখা হয়েছে। তিনি বলেন, "ঘটনার সঙ্গে একজন মহিলার সম্পৃক্ততার বিষয়টি আমরা জানতে পেরেছি। তবে তিনি চট্টগ্রাম থাকায় তাকে মোবাইলে ঘটনার বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। ঘটনার দিনই তিনি চট্টগ্রামে চলে গেছেন। তাকে জরুরিভিত্তিতে ঢাকায় আসতে বলা হয়েছে।" এর আগে দুপুরে ময়না তদন্ত শেষে ক্যাপ্টেন হিমেলের লাশ সম্মিলিত সামরিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হিমেলের মামা মাসুদ আলী বিশ্বাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ময়না তদন্ত শেষে শান্তিনগরে জানাযা হয়। পরে সেনাবহিনীর মেজর পদমর্যাদার এক কর্মকর্তা এসে লাশটি নিয়ে যান। তিনি জানান,সেখানে সম্মিলিত সামরিক হাসপাতালে লাশটি রাখা হয়েছে। সোমবার সেনা কর্মকর্তাদের জন্য পৃথকভাবে সেখানে জানাযা হওয়ার পর ওইদিনই বনানী কবরস্থানে দাফন করা হবে। শনিবার বিকেলে হোটেল রাজমনির ঈশা খার তিনতলার লন থেকে পুলিশ ক্যাপ্টেন রাজীবের লাশ উদ্ধার করে। তিনি দিনাজপুরের পার্বতীপুরে ফলাহাটি সেনানিবাসের আর্মার্ড কোরে কর্মরত ছিলেন। বগুড়া সেনানিবাসে প্রশিক্ষণরত অবস্থায় তিনি একদিনের ছুটি নিয়ে ঢাকা আসেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ এলএইচ/এসআইটি/এএনএস/এইচএ/০১৫৫ ঘ.