ঢাকা, মার্চ ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্বরাষ্ট্র সচিব আব্দুল করিমসহ সাতজন সচিব এবং পাঁচজন অতিরিক্ত সচিবকে বদলি করা হয়েছে।
নৌ পরিবহন সচিব আব্দুস সোবহান শিকদারকে করা হয়েছে নতুন স্বরাষ্ট্র সচিব।
রোববার সংস্থাপন মন্ত্রণালয়ের পৃথক পৃথক আদেশে এ রদবদল করা হয়।
আব্দুল করিমকে সেতু বিভাগের সচিব নিয়োগ করা হয়েছে।
সেতু বিভাগের সচিব সি কিউ কে মোশতাক আহমেদকে কৃষি মন্ত্রণালয়ের সচিব হিসেবে বদলি করা হয়েছে।
সমবায় অধিদপ্তরের নিবন্ধক মাসুদ এলাহীকে নৌ পরিবহন মন্ত্রণালয়র ভারপ্রাপ্ত সচিব, পরিকল্পনা কমিশনের ভারপ্রাপ্ত সদস্য আব্দুল মালেককে বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের ভারপ্রাপ্ত সচিব, বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের ভারপ্রাপ্ত সচিব ড. মিহির কান্তি মজুমদারকে পরিবেশ ও বন মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে বদলির আদেশাধীন মৃদুলা ভট্টার্চার্যকে পরিকল্পনা কমিশনের ভারপ্রাপ্ত সদস্য হিসেবে বদলি করা হয়েছে।
পানি সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মঞ্জুর হোসেনকে স্থানীয় সরকার বিভাগে, দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের মহাপরিচালক কে এইচ মাসুদ সিদ্দিকীকে সড়ক ও রেলপথ বিভাগে এবং সংস্থাপন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসডি) অতিরিক্ত সচিব রীতি ইব্রাহীমকে পানি সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে বদলি করা হয়েছে।
বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষের (বেপজা) সদস্য (অতিরিক্ত সচিব) মো. ফরহাদ উদ্দিনকে দুর্যোগ ব্যবস্থাপনা ব্যুরোর মহাপরিচালক এবং বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত সচিব) মাসুদ আহমেদকে জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক হিসেবে নিয়োগ করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এজে/জিএনএ/১৫০৪ ঘ.
bdnews24