২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিদ্যুৎ খাতে এফডিআই আনতে সহায়তা দেবে বিশ্বব্যাংক

বাংলাদেশে বিদ্যুৎ খাতের উন্নয়নে সহায়তার আশ্বাস দিয়েছে বিশ্বব্যাংক। বিদ্যৎ কেন্দ্র স্থাপনের জন্য সরাসরি সহজ শর্তে ঋণ সহায়তা দিয়ে এবং বেসরকারি বিদ্যুৎ কেন্দ্র (আইপিপি) স্থাপনের জন্য সরাসরি বিদেশি বিনিয়োগ (এফডিআই) আনার ক্ষেত্রে মধ্যস্থতার ভূমিকা পালন করে সহায়তা করতে চায় বলে জানিয়েছে এই উন্নয়ন সংস্থা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Mar 2009, 04:17 PM

Updated : 26 Aug 2022, 11:09 AM

ঢাকা, মার্চ ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশে বিদ্যুৎ খাতের উন্নয়নে সহায়তার আশ্বাস দিয়েছে বিশ্বব্যাংক। বিদ্যৎ কেন্দ্র স্থাপনের জন্য সরাসরি সহজ শর্তে ঋণ সহায়তা দিয়ে এবং বেসরকারি বিদ্যুৎ কেন্দ্র (আইপিপি) স্থাপনের জন্য সরাসরি বিদেশি বিনিয়োগ (এফডিআই) আনার ক্ষেত্রে মধ্যস্থতার ভূমিকা পালন করে সহায়তা করতে চায় বলে জানিয়েছে এই উন্নয়ন সংস্থা। শনিবার রাতে সচিবালয়ে সফররত বিশ্ব ব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট ইসাবেল এম গুয়েরেরোর সঙ্গে বৈঠক শেষে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত ও বিশ্বব্যাংকের আবাসিক প্রতিনিধি শিয়েন জু সাংবাদিকদের এ সব কথা বলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে জরুরি বৈঠক থাকায় ইসাবেল গুয়েরেরো সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বলেননি। তার পক্ষে কথা বলেন শিয়েন জু। তিনদিনের সফরে শনিবার ঢাকা এসেছেন বিশ্বব্যাংক ভাইস প্রেসিডেন্ট। অর্থমন্ত্রী বলেন, "আমরা আমাদের নির্বাচনী ইশতেহারে বিদ্যুৎ সঙ্কট নিরসণের প্রতিশ্র"তি দিয়েছিলাম। সে প্রতিশ্র"তি আমরা পূরণ করতে চাই। আর এটা আমাদের করতেই হবে।" তিনি বলেন, "বিদ্যুৎ খাতের উন্নয়নে আমরা বিশ্বব্যাংকের সহায়তা চেয়েছি। তারা দীর্ঘদিন আমাদের বিদ্যুৎ খাতে সহায়তা করতো না। এখন আবার করতে শুরু করেছে। তারই ধারাবাহিকতায় বিশ্বব্যাংক ভাইস প্রেসিডেন্টের সঙ্গে বিদ্যুৎ খাতে তাদের সহায়তা নিয়ে আলোচনা হয়েছে। তারা দুইভাবে আমাদের বিদ্যুৎ খাতে সহায়তা করবে বলে জানিয়েছে।" মন্ত্রী জানান, বিদ্যৎ কেন্দ্র স্থাপনের জন্য সরাসরি সরকারকে সহজ শর্তে ঋণ-সহায়তা দিয়ে এবং বেসরকারি বিদ্যুৎ কেন্দ্র (আইপিপি) স্থাপনের জন্য সরাসরি বিদেশি বিনিয়োগ (এফডিআই) আনতে মধ্যস্থতার ভূমিকা পালন করার মাধ্যমে তারা বাংলাদেশকে সহায়তা দিতে চায়। আবুল মাল আব্দুল মুহিত বলেন, "বেসরকারি উদ্যোগে অনেক বিদ্যৎ কেন্দ্র স্থাপনের প্রস্তাব আসছে। এক্ষেত্রে এফডিআই প্রয়োজন। বিদেশি ঋণের সুদের হার বেশ কম। আমরা (সরকার) বিদ্যুৎ খাতে বহুজাতিক প্রতিষ্ঠানগুলোকে বিনিয়োগ করতে বিশ্বব্যাংককে মধ্যস্থতা করার অনুরোধ জানিয়েছি। তারা এ ব্যাপারে ইতিবাচক সারা দিয়েছে।" বৈঠকে বিশ্ব অর্থনীতির চলমান মন্দা নিয়েও আলোচনা হয়েছে বলে জানান অর্থমন্ত্রী। "আমরা বলেছি চলতি ২০০৮-০৯ অর্থ বছরে (জুন পর্যন্ত) বিশ্ব মন্দা আমাদের অর্থনীতিতে কোনো নেতিবাচক প্রভাব ফেলবে না। তবে আগামী অর্থ বছরে কি হবে তা নিয়ে আমরা খুবই চিন্তায় আছি", বলেন তিনি। শিয়েন জু বলেন, "বৈঠকে বিশ্ব অর্থনীতির মন্দাসহ অর্থনীতির বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা হয়েছে। এছাড়া বাংলাদেশের বিদ্যুৎ খাতের উন্নয়নে বিশ্বব্যাংকের সহায়তা বাড়ানোর বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এ খাতে এফডিআই বাড়াতে বিশ্বব্যাংক কি ভূমিকা রাখতে পারে- সে বিষয়টিও নিয়ে আলোচনা হয়েছে।" এ ব্যাপারে সরকারকে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন তৈরি করে বিশ্বব্যাংককে দিতে বলা হয়েছে বলে বিশ্বব্যাংক আবাসিক প্রধান জানান। এছাড়া বাংলাদেশে অবকাঠামো, সামাজিক নিরাপত্তা, কৃষি খাতে বিশ্বব্যাংকের সহায়তা বাড়ানো হবে বলে বৈঠকে বিশ্বব্যাংক ভাইস প্রেসিডেন্ট অর্থমন্ত্রীকে জানিয়েছেন বলে জানান শিয়েন জু। গত প্রায় ১০ বছর ধরে বিশ্বব্যাংক বাংলাদেশে বিদ্যুৎ খাতে কোনো সহায়তা করেনি। তবে গত তত্ত্বাবধায়ক সরকারের শেষ সময়ে সংস্থাটি বাংলাদেশের বিদ্যুৎ খাতের উন্নয়নে প্রায় ২০০ মিলিয়ন ডলার সহায়তা দেবে বলে সরকারের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে। বিশ্ব ব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট হিসেবে ইসাবেল দ্বিতীয় বারের মতো বাংলাদেশ সফরে এলেন। এর আগে বিগত তত্ত্বাবধায়ক সরকারের শেষের দিকে একবার তিনি বাংলাদেশ সফরে এসেছিলেন। ইসাবেল গুয়েরেরো ২০০৮ সালে ২ জুলাই বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব নেন। তিনি আফগানিস্তান, বাংলাদেশ, ভুটান, ভারত, মালদ্বীপ, নেপাল, পাকিস্তান ও শ্রীলংকায় বিশ্বব্যাংকের কার্যক্রম তদারক করেন। বিডিনিউজ ২৪ ডটকম/এআরএইচ/এএল/এইচএ/২২৪০ঘ.