ঢাকা, ৭ মার্চ (বিডিনিউজ ২৪ ডটকম)- জলবায়ূ পরিবর্তনের নেতিবাচক প্রভাবের জন্য উন্নত দেশগুলোকে দায়ী করে খাদ্যমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, এই প্রভাব মোকাবিলার জন্য ওই দেশগুলোকেই কারিগরি ও আর্থিক সহায়তা দিতে হবে।
আগারগাঁও-এ স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) মিলনায়তনে শনিবার জাইকা অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ আয়োজিত 'জলবায়ূর পরিবর্তন এবং বাংলাদেশে এর প্রভাব' শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় তিনি বলেন, "জলবায়ূ পরিবর্তনে বাংলাদেশের ভূমিকা খুব কম বরং এর বিরূপ প্রভাবে আমরাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছি।"
জ্বালানী ও কৃষি খাতের উন্নয়নে জাপান সরকারের আর্থিক ও কারিগরি সহায়তা কামনা করে খাদ্যমন্ত্রী বলেন, দেশের উন্নয়ন এবং দারিদ্র বিমোচনে কৃষি ও জ্বালানী খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে। বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে পারলে কৃষি উৎপাদন ব্যয় কমিয়ে আনা সম্ভব।
খাদ্যশস্যের মূল্য বৃদ্ধির কারণে গত কয়েক বছরে দেশে দারিদ্রের হার বেড়েছে। কৃষি উৎপাদন কমলে দারিদ্র বাড়বে বলে উল্লেখ করে তিনি বলেন, জলবায়ূ পরিবর্তন খাদ্য নিরাপত্তার ওপর সব চেয়ে বেশি বিরূপ প্রভাব ফেলবে। এতে কৃষি উৎপাদন কমে যাবে।
সেমিনারে মূল প্রবন্ধে ড. আইনুন নিশাত বলেন, জলবায়ূর পরিবর্তনের প্রভাবে এরই মধ্যে গড় তাপমাত্রা দশমিক আট ভাগ বেড়েছে। এ তাপমাত্রা ছয় ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। সেক্ষেত্রে পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়াবে, তা সহজেই অনুধাবন করা যায়। জলবায়ূ পরিবর্তনের প্রভাবে দরিদ্র দেশগুলোই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে।
তিনি বলেন, সব মন্ত্রণালয়ের মধ্যে নিবিড় সম্পর্ক গড়ে তোলার মধ্য দিয়ে জলবায়ূ পরিবর্তনের প্রভাব মোকাবিলায় কাজ করতে হবে।
এসোসিয়েশনের সহ-সভাপতি অধ্যাপিকা খুরশীদ জাহানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনায় অংশ নেন সড়ক ও রেলপথ বিভাগের সচিব এএসএম আলী কবীর, জাইকা বাংলাদেশ কার্র্র্যালযের প্রধান প্রতিনিধি নবুকো সুজুকি কয়াশিমা, জাপান দূতাবাসের উন্নয়ন ও অর্থনৈতিক বিভাগের কাউন্সিলর মাসামি তামুরা, সেন্টার ফর এনভায়রনমেন্টাল অ্যান্ড জিওগ্রাফিক ইনফরমেশন সার্ভিসের নির্বাহী পরিচালক গিয়াস উদ্দীন আহমেদ চৌধুরী, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রকল্প পরিচালক ড. আবুল হোসেন, অ্যালামনাই অ্যাসোসসিয়েশনের সাধারণ সম্পাদক ইজার উদ্দীন।
বিডিনিউজ ২৪ ডটকম/এমকে/টিআর/২১৪৯ ঘ.
bdnews24