ঢাকা, মার্চ ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বায়তুল মুকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম ও সাবেক ভারপ্রাপ্ত খতিব মুফতি মুহাম্মদ মাওলানা নূরুদ্দীন (৫৫) শনিবার মারা গেছেন।
তিনি উচ্চ রক্তচাপ, শ্বাসকষ্ট ও ডায়াবেটিসে ভুগছিলেন।
ইসলামিক ফাউন্ডেশনের জনসংযোগ কমকর্তা মোহাম্মদ তৌহিদুল আনোয়ার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিকেল চারটার দিকে বারডেম হাসপাতালে মাওলানা নূরুদ্দীন মারা যান। এশার নামাজ শেষে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। রাতেই আজিমপুর কবরস্থানে তাকে দাফন করার কথা।
মুফতি নূরুদ্দীন ১৯৫৪ সালের ২ মার্চ শরীয়তপুর জেলার শখিপুর থানার উকিলবাড়িতে জন্ম নেন। লালবাগ মাদরাসাসহ পাকিস্তানের করাচী শহরের জামিয়া ফারুকিয়াতে পড়াশুনা করেন তিনি। ১৯৮৪ সালে তিনি বায়তুল মুকাররম জাতীয় মসজিদে পেশ ইমাম হিসেবে যোগ দেন।
২০০৭ সালে বায়তুল মুকাররম জাতীয় মসজিদের খতিব মাওলানা উবায়দুল হক মারা যাওয়ার পর ভারপ্রাপ্ত খতিব হিসেবে দীর্ঘ এক বছর দায়িত্ব পালন করেন তিনি।
মাওলানা নূরুদ্দীনের স্ত্রী, ৫ পুত্র এবং এক কন্যা রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএ/এএল/এইচএ/২১৪৮ঘ.
bdnews24