ঢাকা, মার্চ ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আসন্ন উপ-নির্বাচন ও স্থগিত উপজেলার পুনঃনির্বাচনে আইন-শৃঙ্খলা রক্ষায় সেনা বাহিনী ও বিডিআর সদস্যদের মোতায়েন করা হবে না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এটিএম শামসুল হুদা।
আগারগাঁও-এর জাতীয় অর্থনৈতিক পরিষদ (এনইসি) মিলনায়তনে শনিবার নির্বাচন কমিশন আয়োজিত আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এক বৈঠক শেষে সিইসি এ কথা বলেন।
তিনি বলেন, "ভোটাভুটির পাঁচ দিন আগেই অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মোতায়েন করা হবে। স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবে আর্মড পুলিশ ব্যাটালিয়ন ও র্যাব।"
নির্বাচনের দু'দিন পরও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মোতায়েন থাকবে বলে সিইসি জানান।
শামসুল হুদা আরো জানান, এবার ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে ২১ জন এবং অন্যান্য ভোটকেন্দ্র্র্রে ১৪ জন করে নিরাপত্তা বাহিনীর সদস্য মোতায়েন করা হবে। এছাড়া নির্বাচনী এলাকায় ৫ জন করে বিচারিক ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন।
পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা ভোটকেন্দ্রে নিরাপত্তার দায়িত্ব পালন করবে বলেও জানান প্রধান নির্বাচন কমিশনার।
সিইসি জানান, আগামী ২ এপ্রিল ৭টি সংসদীয় এলাকায় উপনির্বাচন, ৬ এপ্রিল স্থগিত ৬ টি উপজেলায় পুনর্র্নিবাচন এবং ১৬ মার্চ ৮টি উপজেলার ১৮টি ভোটকেন্দ্রে পুনরায় ভোট নেওয়া হবে।
যে সাত আসনে উপনির্বাচন হচ্ছে: রংপুর-৩, রংপুর-৬, কুড়িগ্রাম-২, বগুড়া-৬, বগুড়া-৭, বাগেরহাট-১ ও কিশোরগঞ্জ-৬।
যে ৬টি উপজেলায় পুনর্র্নিবাচন হবে: দীঘিনালা, উখিয়া, বেলকুচি, ব্রাহ্মণবাড়িয়া সদর, রামগঞ্জ ও বরুড়া।
এছাড়া চৌহালী, গজারিয়া, নান্দাইল, রূপগঞ্জ, লক্ষ্মীপুর সদর, সন্দ্বীপ, ইসলামপুর ও ফরিদগঞ্জ উপজেলার ১৮টি কেন্দ্রে ভোট নেওয়া হবে।
শামসুল হুদা বলেন, "সেনা বাহিনীর বেশ কিছু সংখ্যক সদস্য এখন 'অপারেশন রিবেল হান্ট'-এ ব্যস্ত রয়েছেন। এর ফলে শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে তাদেরও একটা পরোক্ষ ভূমিকা থাকবে।"
বৈঠকে দুই নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশন সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, র্যাব, পুলিশ, জাতীয় গোয়েন্দা অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সংশ্লিষ্ট রিটার্নিং অফিসাররা উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এএম/এএল/টিআর/এইচএ/২১০২ঘ.
bdnews24