২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাগেরহাটে বরযাত্রীবাহী বাসে হামলা-লুটপাট

চাঁদা না পেয়ে বাগেরহাটের কচুয়া উপজেলার সাইনবোর্ড নামক স্থানে শনিবার দুপুরে বরযাত্রীবাহী একটি বাস থামিয়ে হামলা ও লুটপাট করেছে সন্ত্রাসীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Mar 2009, 12:46 PM

Updated : 26 Aug 2022, 11:09 AM

বাগেরহাট, মার্চ ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চাঁদা না পেয়ে বাগেরহাটের কচুয়া উপজেলার সাইনবোর্ড নামক স্থানে শনিবার দুপুরে বরযাত্রীবাহী একটি বাস থামিয়ে হামলা ও লুটপাট করেছে সন্ত্রাসীরা। হামলায় আহত হয়েছে মহিলা ও শিশুসহ অন্তত আটজন। এ ঘটনায় বরের বড়ভাই বিশ্বনাথ দাস বাগেরহাটের কচুয়া থানায় দ্রুত বিচার আইনে একটি মামলা করেছেন। আহতরা হলেন- বরের ভাগ্নে কমল দাস (১৮), জয়ন্ত দাস (৬) ও অন্তু দাস (৭), ভাইপো অন্তর দাস (৫), বরযাত্রী রেখা দাস (২৫), উজ্জ্বল দাস (১৮), কৃষ্ণ দাস (১৭), ডা. শেখ আব্দুস সালাম (৩০), তরুণ কান্তি দাস (২৭) এবং খলিলুর রহমান (২৬)। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। এদের সবার বাড়ি খুলনা জেলার পাইকগাছা পৌরসভার গোপালপুর এলাকায়। বরযাত্রী তরুণ ফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শুক্রবার রাতে গোপালপুরের সুবল চন্দ্র দাসের ছেলে মহাদেব চন্দ্র দাসের সঙ্গে বাগেরহাটের মোড়েলগঞ্জের ছোলমবাড়িয়া গ্রামের প্রয়াত রণজিৎ দাসের মেয়ের বিয়ে হয়। শনিবার দুপুরে তারা নতুন বউ নিয়ে বাসে করে (খুলনা মেট্রো জ ১১-১৩৭) বাড়ি ফিরছিলেন। বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার দৈবজ্ঞহাটি বাজারে সন্ত্রাসীরা বাস থামিয়ে চাঁদা চায়। চালক বাস চালিয়ে চলে আসার চেষ্টা করলে সাত-আটজন সন্ত্রাসী মোটরসাইকেল নিয়ে তাদের ধাওয়া করে এবং বাগেরহাটের কচুয়া উপজেলার সাইনবোর্ড বাজারে এসে ভুল বুঝিয়ে স্থানীয় লোকজনের সাহায্যে বাসটি আটক করে। সন্ত্রাসীরা বাসে উঠে এলোপাতাড়ি মারধর করে এবং নগদ ত্রিশ হাজার টাকাসহ বাসযাত্রীদের অন্তত সাত ভরি স্বর্ণালংকার লুট করে নেয়। এ সময় তারা বাস চালক হায়দার আলীকেও নামিয়ে নেওয়ার চেষ্টা করে। কচুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ মাহফুজুর রহমান বলেন, "কচুয়া উপজেলার বাধাল ইউনিয়নের আঠেরগাঁতি গ্রামের বাসিন্দা এবং এলাকার চিহ্নিত সন্ত্রাসী কবীর সরদারের নেতৃত্বে এই হামলা ও লুটপাটের ঘটনা ঘটেছে।" তিনি জানান, কবীর ও তার সাত আটজন সহযোগী মোটরসাইকেল নিয়ে সাইনবোর্ড বাজারে এসে লোক জড়ো করে জানায় যে, পেছনে একটি বাস মানুষ চাপা দিয়ে হত্যা করে পালিয়ে আসছে। স্থানীয় লোকেরা কবীরের কথা বিশ্বাস করে বাসটি আটক করে। তখন কবীর ও তার সহযোগীরা বাসে উঠে লুঠপাট করে পালিয়ে যায়। এলাকাবাসী সন্ত্রাসীদের মধ্যে কবীরসহ তিনজনকে চিনতে পেরেছে। কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ আলম জানান, বরযাত্রীবাহী বাস ডাকাতির ঘটনায় পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী কবীর সরদারসহ তিনজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা পাঁচ-সাত জনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে একটি মামলা হয়েছে। তবে বিকেল পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮৪৪ ঘ.