পঞ্চগড়, মার্চ ০৬ (বিডিনিউজ ২৪ ডটকম) - পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার ভুতিপুকুরি সীমান্তে শুক্রবার ভোররাতে ভারতীয় সীমান্ত নিরাপত্তা বাহিনী-বিএসএফ'র গুলিতে একজন বাংলাদেশি নাগারিক নিহত হয়েছেন।
নিহত সামুল (৫০) উপজেলার দেবনগড় ইউনিয়নের জয়গুণজোত গ্রামের বাসিন্দা। অবৈধভাবে ভারতে প্রবেশের সময় বিএসএফ জওয়ানরা গুলি চালালে তিনি ঘটনাস্থলেই মারা যান। বিএসএফ সদস্যরা তার লাশ নিয়ে গেছে।
বিডিআর কর্মকর্তা ও স্থানীয়রা জানান, ভোররাতে তেঁতুলিয়া উপজেলার ভুতিপুকুরী সীমান্তের ৭৩৯ নম্বর মেইন পিলারের আর/১৭ সাব পিলারের পাশ দিয়ে ২/৩ জন বাংলাদেশি নাগরিক অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করেন। এ সময় ভারতের মদনবাড়ি ক্যাম্পের বিএসএফ জওয়ানরা তাদের লক্ষ্য করে ১২ রাউন্ড গুলিবর্ষণ করে।
২৫ রাইফেলস ব্যাটালিয়নের উপ সহকারী পরিচালক নাজমূল হুদা চৌধুরী ঘটনার সত্যতা স্বীকার করে বিডিনিউজ ২৪ ডটকমকে বলেন, "এ ব্যাপারে বিএসএফের সঙ্গে বিডিআরের কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের উদ্যোগ নেওয়া হয়েছে।"
বিডিনিউজ ২৪ ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৭৩৪ ঘ.
bdnews24