খুলনা, মার্চ ৪ (বিডিনিউজ ২৪ ডটকম) - চারদফা দাবি আদায়ের লক্ষ্যে খুলনা ও যশোর অঞ্চলের সাতটি রাষ্ট্রায়ত্ত পাটকলের শ্রমিকরা বুধবার কর্মসূচি ঘোষণা করেছেন।
ঘোষিত কর্মসূচি অনুযায়ী সাত মিল গেটে সাতদিন সভা করা হবে।
নগরীর খালিশপুর শিল্পাঞ্চালের প্লাটিনাম জুবিলী জুট মিলস এমপ্লয়ীজ ইউনিয়ন কার্যালয়ে অনুষ্ঠিত এক বিশেষ জরুরি সভায় এ কর্মসূচি ঘোষণা করা হয়।
শ্রমিকদের চার দফা দাবি হল যশোর অঞ্চলের সাতটি পাটকলে পাট ক্রয়ের অর্থ বরাদ্দ, শ্রমিক-কর্মচারিদের বকেয়া মজুরি ও বেতন পরিশোধ, ২০ ভাগ মহার্ঘ্য ভাতা প্রদান এবং ব্যাংক ঋণ মওকুফ করা।
তাদের ঘোষিত কর্মসূচি অনুযায়ী ৯ মার্চ যশোর জুট ইন্ডাস্ট্রিজ গেটে, ১১ মার্চ ইস্টার্ন জুট মিলে, ১৫ মার্চ আলীম জুট মিলে, ১৭ মার্চ প্লাটিনাম জুট মিলে, ২২ মার্চ ক্রিসেন্ট জুট মিলে, ২৪ মার্চ স্টার জুট মিলে এবং ২৫ মার্চ কার্পেটিং জুট মিল গেটে সভা অনুষ্ঠিত হবে।
কর্মসূচি ঘোষণা উপলক্ষে ক্রিসেন্ট জুট মিল ওয়ার্কার্স ইউনিয়ন সভাপতি মো. তরিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন মো. খলিলুর রহমান, মো. জাহাঙ্গীর হোসেন, মো. ছোহরাব হোসেন, মোল্লা আবুল বাসার, মো. আলাউদ্দিন, মো. জাকির হোসেন, মো. আলম খান, মো. নজরুল ইসলাম ফরাজী, মজিবর রহমান, মাহমুদ হোসেন, আ. ছালাম ও আমিরুল ইসলাম।
বিডিনিউজ ২৪ ডটকম/প্রতিনিধি/ডিডি/০০৪৮ ঘ.
bdnews24