ঢাকা, ৪ মার্চ (বিডিনিউজ ২৪ ডটকম)-পিলখানায় বিডিআর বিদ্রোহে নিহত ৫ সেনা কর্মকর্তার পরিবার-পরিজনদের সমবেদনা জানাতে বুধবার রাতে তাদের বাসভবনে যান বিরোধী দলীয় নেত্রী খালেদা জিয়া।
এসময় নিহতদের পরিবারের সদস্য ও স্বজনরা কান্নায় ভেঙে পড়েন। অনেকে খালেদা জিয়াকে জড়িয়ে ধরেন। এ সময় এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
তিনি নিহতদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন, তাদের সান্তনা দেন এবং খোঁজ-খবর নেন।
খালেদা জিয়া রাত ৯ টার দিকে প্রথমে নিহত সেনা কর্মকর্তা মেজর মো. সালেহর বারিধারার পার্ক রোডের বাসায় যান। এ সময় তিনি সালেহর স্ত্রী নাসরিন আহমেদ ও দুই ছেলের সঙ্গে কথা বলেন ও তাদের সমবেদনা জানান। তিনি তাদের কাছ থেকে পিলখানার ঘটনা শুনেন।
পরে পর্যায়ক্রমে বিএনপি চেয়ারপার্সন বারিধারা ডিওএইচএস-এ কর্নেল নকিবুর রহমান, কর্নেল কাজী মোয়াজ্জেম হোসেন ও মেজর কাজী মোসাদ্দেক হোসেনের বাসায় যান। খালেদা জিয়া তাদের স্ত্রী ও সন্তানদের সমবেদনা জানান এবং তাদের সঙ্গে কিছু সময় কাটান।
তিনি সাংবাদিকদের বলেন, "আমি নিহতদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সমবেদনা জানাতে এসেছি। নির্মম ও পৈশাচিকভাবে তাদের হত্যা করা হয়েছে। তাদের পরিবারের সদস্যরা এ ঘটনায় জড়িতদের কঠোর শাস্তি দাবি করেছেন। আমিও বলেছি, এ ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তির ব্যবস্থা করতেই হবে।"
এরপর রাত সাড়ে দশটার দিকে খালেদা জিয়া ঢাকা সেনানিবাসে নিখোঁজ সেনা কর্মকর্তা ও র্যাবের সাবেক অতিরিক্ত মহাপরিচালক কর্নেল গুলজার উদ্দিন আহমেদ এর বাসায় যান।
এসময় দলের যুগ্ম মহাসচিব সেলিমা রহমান তার সঙ্গে ছিলেন।
বিডিনিউজ ২৪ ডটকম/এসএম/এমআরএফ/এইচএ/০০১৩ঘ.
bdnews24