চট্টগ্রাম, মার্চ ০৩ (বিডিনিউজ ২৪ ডটকম)--চট্টগ্রামের মীরসরাই উপজেলার একটি বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬টি বসত ঘর পুড়ে গেছে।
করের হাট ইউনিয়নের পশ্চিম জোয়ার গ্রামে এ ঘটনা ঘটে। আগুনে প্রায় ২০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে বলে ক্ষতিগ্রস্তরা দাবি করলেও দমকল কর্তৃপক্ষের হিসাবে তা তিন লাখ টাকা।
আগ্রাবাদ ফায়ার সার্ভিসের কর্মী বিশু দাশ বিডিনিউজ ২৪ ডটকমকে জানান, মঙ্গলবার দুপুর সোয়া ১টায় রান্নাঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়।
স্থানীয় একজন সাংবাদিক প্রত্যক্ষদর্শীদের উদ্ধৃত করে জানান, মুন্সি মিস্ত্রী বাড়ির জনৈক জামাল উদ্দিনের রান্নাঘর থেকে দুপুরে আগুন ধরে। মুহূর্তেই আগুন পার্শ্ববর্তী মাহবুবুল আলম, রুহুল আমিন, নূরনবী ও নীরু সওদাগরের ঘরে ছড়িয়ে পড়ে।
ক্ষতিগ্রস্ত মাহবুবের পুত্র ফরহাদ জানান, আগুনে ছয়টি ঘরের অধিকাংশ মালামাল পুড়ে গেছে।
ফায়ার সার্ভিস জানায়, দুটি গাড়ি ঘটনাস্থলে পৌঁছে বিকাল সাড়ে তিনটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এসকে/২১৪৩ঘ.
bdnews24