২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চালককে খুন করে মাইক্রো নিয়ে পালানোর সময় আটক ৩

চালককে হত্যার পর মাইক্রোবাস নিয়ে পালানোর সময় মঙ্গলবার দুপুরে মানিকগঞ্জের শিবালয় উপজেলার পাটুরিয়ার ফেরিঘাট থেকে তিন ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সেখান থেকে গাড়িটিও উদ্ধার করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Mar 2009, 03:41 PM

Updated : 26 Aug 2022, 11:08 AM

মানিকগঞ্জ, মার্চ ০৩ (বিডিনিউজ ২৪ ডটকম) - চালককে হত্যার পর মাইক্রোবাস নিয়ে পালানোর সময় মঙ্গলবার দুপুরে মানিকগঞ্জের শিবালয় উপজেলার পাটুরিয়ার ফেরিঘাট থেকে তিন ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সেখান থেকে গাড়িটিও উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- ব্রাহ্মণবাড়ীয়ার সরাইল উপজেলার মশিউর রহমান স্বপন (২৫), কুড়িগ্রামের ফুলবাড়ীয়া উপজেলার কাশিপুর গ্রামের আব্দুস সালাম (২৮) এবং কুড়িগ্রাম সদর উপজেলার সবুজপাড়া গ্রামের মঞ্জুরুল হক (২৫)। মানিকগঞ্জ সদর থানার পুলিশ কর্মকর্তারা জানান, ফরিদপুর যাওয়ার কথা বলে পাঁচ ছিনতাইকারী মঙ্গলবার সকালে নারায়ণগঞ্জ থেকে মাইক্রোবাসটি (ঢাকা-মেট্রো-চ-১১-৬৬৮৯) বাড়া নেয়। গাবতলী পার হয়ে তারা মাইক্রো চালক মো. নিজামের (২৫) চোখে মরিচের গুড়ো চিটিয়ে দিয়ে গাড়িটি তাদের নিয়ন্ত্রণে নিয়ে নেয়। এরপর নিজামকে শ্বাসরোধ করে হত্যার পর দুপুর সাড়ে ১২টার দিকে লাশটি ঢাকা-আরিচা মহাসড়কে মানিকগঞ্জ সদর উপজেলার ঢাকা ট্যোবাকো কারখানার সামনে ফেলে রেখে যায়। খবর পেয়ে পুলিশ পাটুরিয়া ঘাট থেকে তিন ছিনতাইকারীসহ গাড়িটি আটক করতে সক্ষম হলেও বাকি দুজন পালিয়ে গেছে। পুলিশ কর্মকর্তারা জানান, স্থানীয়দের কাছে লাশ ফেলে যাওয়ার খবর পেয়ে ঘাটের মুখে চেকপোষ্ট বসিয়ে বিভিন্ন গাড়িতে তল্লাশি চালানো হয়। তল্লাশির সময় মাইক্রোবাসটিতে মরিচের গুড়ো পাওয়া যায়। তখন গাড়িটিসহ তিন ছিনতাইকারীকে আটক করা হয়। মানিকগঞ্জের পুলিশ সুপার শেখ মারুফ হাসান জানান, মাইক্রো থেকে লাশ ফেলে দেওয়ার পরপরই প্রত্যক্ষদর্শীরা বিষয়টি পুলিশকে অবহিত করেন। এরপর ছিনতাইকারীদের ধরার জন্য জেলার প্রতিটি থানায় চেকপোষ্ট বসানো হয়। বিডিনিউজ ২৪ ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১৩৮ ঘ.