ঢাকা, মার্চ ০৩ (বিডিনিউজ ২৪ ডটকম) - সড়ক দুর্ঘটনায় মুন্সীগঞ্জে একজন সেনা কর্মকর্তা এবং রাজবাড়ীতে একজন সৈনিক মারা গেছেন।
মঙ্গলবার বিকেলে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় মেঘনা দাউদকান্দি সেতুতে প্রাইভেটকারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মারা যান মোটরসাইকেল আরোহী সেনা কর্মকর্তা গোলাম ফাইজুল কবীর (২৭)। রাজবাড়ীর গোয়ালন্দে মারা যান সৈনিক বাবুল আহমেদ (৩০)।
বিডিনিউজ ২৪ ডটকম প্রতিনিধির পাঠানো সংবাদ:
মুন্সীগঞ্জ: সেনাবাহিনীর সেকেন্ড লেফটেন্যান্ট ফাইজুল কবীর কুমিল্লা থেকে ঢাকা যাওয়ার পথে দুর্ঘটনায় পড়েন।
মুন্সীগঞ্জের পুলিশ সুপার (এসপি) বিশ্বাস আফজাল হোসেন বিডিনিউজ ২৪ ডটকমকে বলেন, বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেটকারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলটি সেতুর ঢালে পড়ে যায়। গুরুতর আহত ফাইজুল কবীরকে গজারিয়া উপজেলার ভবেরচরে একটি হাসাপতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক জানান তিনি মারা গেছেন।
রাজবাড়ী: খুলনা-দৌলতদিয়া মহাসড়কে গোয়ালন্দ উপজেলায় বাংলাদেশ হ্যাচারির কাছে বিকেলে একটি যাত্রীবাহী বাস উল্টে ঘটনাস্থলেই মারা যান সৈনিক বাবুল। আহত হয়েছেন আরও অন্তত ১৫ জন।
বাবুল আহমেদ 'সদর কোম্পানি ৩৬ বেঙ্গল'-এর সদস্য। তার সেনা নম্বর ৪০৪৭৮১৮। মানিব্যাগে থাকা পরিচয়পত্রে জানা গেছে তার বাড়ি যশোরের ঝিকরগাছায়।
আহতদের মধ্যে চারজনকে গোয়ালন্দ হাসপাতালে এবং চারজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। আহতদের নাম জানা যায়নি।
গোয়ালন্দঘাট থানার উপ পরিদর্শক হাবিব জানান, মঙ্গলবার বিকেল ৪টার দিকে এই দুর্ঘটনা ঘটে। বাসটি ঢাকা থেকে খুলনা যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়।
তিনি বলেন, "মানিব্যাগে থাকা পরিচয়পত্র দেখে এ সেনা সদস্যকে শনাক্ত করা হয়।"
বিডিনিউজ ২৪ ডটকম/প্রতিনিধি/কিউএইচ/ডিডি/এমএসবি/ ২১২৭ ঘ.
bdnews24