২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিডিআর বিদ্রোহে নিহত ৫০ জন রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত

বিডিআর মহাপরিচালক শাকিল আহমেদ ও তার স্ত্রী নাজনিন শাকিলসহ বিডিআর সদরদপ্তরে বিদ্রোহের ঘটনায় নিহত ৫০ জনকে পূর্ণ-রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Mar 2009, 08:55 AM

Updated : 26 Aug 2022, 11:07 AM

ঢাকা, মার্চ ২ (বিডিনিউজ ২৪ ডটকম)- বিডিআর মহাপরিচালক শাকিল আহমেদ ও তার স্ত্রী নাজনিন শাকিলসহ বিডিআর সদরদপ্তরে বিদ্রোহের ঘটনায় নিহত ৫০ জনকে পূর্ণ-রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হয়েছে। সোমবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের এর সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৪২ জনকে বনানীর সামরিক কবরস্থানে এবং ৮জনকে তাদের গ্রামের বাড়িতে সমাহিত করা হয়। এর আগে সকাল পৌনে ১১টার দিকে জাতীয় প্যারেড স্কয়ারে তাদের জানাজা অনুষ্ঠিত হয়। ৪৮ সেনা কর্মকর্তা, মহাপরিচালকের স্ত্রী নাজনিন শাকিল ও সেনাবাহিনীর সৈনিক জহিরুল ইসলামের জানাজা একইসঙ্গে অনুষ্ঠিত হয়। জানাজার আগে মাইকে জানানো হয়, জহিরুল ইসলাম ২৫ ফেব্র"য়ারি গুলিবিদ্ধ হয়ে ২৭ ফেব্র"য়ারি সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। জানাজা পড়ান ঢাকা সেনানিবাসের কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মো. মাহমুদুল হক। জানাজা শেষে নিহতদের বিদেহী আত্মার মাগফেরাত কমনা করে মোনাজাত করা হয়। জানাজা অনুষ্ঠান পরিচালনা করেন মেজর নাহিদ। রাষ্ট্রপতি জিল্লুর রহমান,মন্ত্রিসভার সদস্য, সেনাপ্রধান জেনারেল মইন উ আহমেদ, বিমান বাহিনীর প্রধান এয়ার মার্শাল এস এম জিয়াউর রহমান এবং নৌ বাহিনীর প্রধান রিয়ার এডমিরাল জেড ইউ আহমেদ জানাজায় অংশ নেন। এছাড়া সাবেক রাষ্ট্রপতি ও সেনাপ্রধান হুসেইন মুহাম্মদ এরশাদ, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক সেনাপ্রধান মাহবুবুর রহমান, জাতীয় পার্টি নেতা এ বি এম রুহুল আমীন হাওলাদার, জিএম কাদের, জামায়াতে ইসলামী নেতা আব্দুর রাজ্জাকসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, কর্মরত ও অবসরপ্রাপ্ত ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, শিক্ষক, নিহতদের আত্মীয়স্বজন এবং সুশীল সমাজের প্রতিনিধিসহ সর্বস্তরের জনগণ এতে অংশ নেন। সশস্ত্রবাহিনীর সর্বাধিনায়ক রাষ্ট্রপতি জিল্লুর রহমান প্যারেড স্কয়ারে আসেন সকাল ১০টার কিছু পর। এর পরই ৫০টি কফিন নিয়ে সেনাবাহিনীর ৯টি ট্রাক প্যারেড স্কয়ারে প্রবেশ করে। জানাজার পর রাষ্ট্রপতি নিহতদের কফিনে পুস্পস্তবক দেন। এর পর প্রধানমন্ত্রীর পক্ষ থেকে পুস্পস্তবক অর্পণ করা হয়। তিন বাহিনীর প্রধানও পুস্পস্তবক অর্পণ করে নিহতদের প্রতি শ্রদ্ধা জানান। নিহতদের মরদেহ প্যারেড স্কয়ারে নিয়ে আসার সময় ২১ বার তোপধ্বনি করা হয়। কফিনগুলো জাতীয় পতাকা ও সেনাবাহিনীর পতাকায় মোড়া ছিল। জানাজার আগে দেওয়া হয় গান স্যালুট। জানাজা শেষে ফ্লাইং স্যালুট দিয়ে প্যারেড স্কয়ারের ওপর দিয়ে উড়ে যায় বিমানবাহিনীর তিনটি জঙ্গি বিমান। নিহতদের মরদেহ প্যারেড স্কয়ারে নিয়ে আসার পর এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। নিহতদের স্বজনদের মধ্যে অনেকেই কান্নায় ভেঙে পড়েন। জানাজা শেষেও অনেকের চোখ ছিল ভেজা। নিহতদের প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করতে অনেকেই নিয়ে এসেছিলেন ফুল। বিডিনিউজ ২৪ ডটকম/এমআরএফ/এসএম/এফএফ/এজে/জিএনএ/